পাইকগাছায় উপজেলা সিএসও’র অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত

ফসিয়ার রহমান, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় উপজেলা সমাজ সংগঠন (সিএসও)-এর অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকাল ১১টায় বারসিকের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক (BARCIK) এ সভার আয়োজন করে।
উপজেলা সিএসও সদস্য আফরোজা বেগমের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন বারসিক-এনগেজ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কুমারেশ চন্দ্র বাউলিয়া।
শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা সিএসওর সদস্য সচিব কাজী সিফাত উল্লাহ। সভা পরিচালনা করেন প্রকল্পের এরিয়া অফিসার বাবলু জোয়াদ্দার।
এ সময় সাংবাদিক ফসিয়ার রহমান, মিন্টু অধিকারী, অকিল কুমার মন্ডল, ছন্দা সুলতানা, শরিফুল ইসলাম, স্বপ্না বেগম, রেশমা সুলতানা, তাহেরা পারভিন পলি, অসীম দাসসহ সিএসও সদস্য ও স্থানীয় সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকার বাস্তব অভিজ্ঞতা, গৃহীত উদ্যোগ, অর্জন, সফলতা ও কার্যক্রম বাস্তবায়নের চ্যালেঞ্জ তুলে ধরেন। পাশাপাশি পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে স্থানীয় সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ ও নতুন ধারণা চিহ্নিত করা হয়।
সভায় চলতি বছরের কার্যক্রম পর্যালোচনা এবং অর্জিত শিক্ষা ও অভিজ্ঞতার আলোকে আগামী বছরের কার্যক্রমকে আরও বাস্তবসম্মত, অংশগ্রহণমূলক ও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় এলাকার মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সমন্বয় জোরদার করা জরুরি।
