চৌহালীতে দুই সন্তান রেখে দেবরকে নিয়ে উধাও ভাবি

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় স্বামী ও দুই সন্তানকে রেখে পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছেন এক জননী। উপজেলার খাষপুকুরিয়া ইউনিয়নের কোদালিয়া গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী স্বামী আব্দুল হালিম চৌহালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সরেজমিন ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে কোদালিয়া গ্রামের শামচুল মন্ডলের ছেলে আব্দুল হালিমের (২৫) সাথে একই গ্রামের ইকবাল হোসেনের মেয়ে লিমার (৩২) বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের মোছা. তানজিম (১০) ও মো. লিমন (৭) নামে দুটি সন্তান রয়েছে। দীর্ঘ দেড় দশকের সংসার চলাকালীন জীবিকার তাগিদে আব্দুল হালিম প্রবাসে পাড়ি জমান।
অভিযোগ উঠেছে, স্বামী বিদেশে থাকার সুবাদে চাচাতো দেবর হাবিবের সাথে লিমার ঘনিষ্ঠতা গড়ে ওঠে। একই পরিবারে বসবাসের সুযোগে হাবিব প্রায়ই লিমার ঘরে যাতায়াত করতেন। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হন বলে প্রবাসী স্বামী দাবি করেছেন।
প্রবাসী আব্দুল হালিম জানান, বিদেশ থেকে ফেরার পর বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া ও বিবাদ লেগেই থাকত। গত সপ্তাহের একদিন বিকেল আনুমানিক ৫টার দিকে দুই সন্তানকে কোচিং সেন্টারে রেখে দেবর হাবিবের হাত ধরে পালিয়ে যান লিমা।
হালিমের দাবি, পালিয়ে যাওয়ার সময় তার স্ত্রী ঘরে থাকা নগদ ১ লাখ ৮০ হাজার টাকা এবং আনুমানিক দেড় লক্ষ টাকা মূল্যের তিন ভরি ওজনের স্বর্ণালংকার সাথে নিয়ে গেছেন।
ভুক্তভোগী হালিম আরও অভিযোগ করেন, স্ত্রী পালিয়ে যাওয়ার পর তার শ্বশুরবাড়ির লোকজন বিষয়টি ধামাচাপা দিতে উল্টো তাকেই মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছে। বর্তমানে দুই শিশু সন্তানকে নিয়ে তিনি চরম বিপাকে পড়েছেন।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ বিষয়ে আব্দুল হালিম একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পরকীয়ার টানে ওই গৃহবধূ চলে গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
