রাঙ্গুনিয়ায় অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মশাল মিছিল, নেতৃত্বে ভিপি আনসুর

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার আয়োজিত এ কর্মসূচিতে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।
রাঙ্গুনিয়া-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর নির্দেশনায় আয়োজিত মশাল মিছিলে নেতৃত্ব দেন ভিপি আনসুর উদ্দিন।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বলেন, সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নাশকতার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে কোনোভাবেই জনজীবন বিপর্যস্ত করতে দেওয়া যাবে না। রাঙ্গুনিয়ার শান্তিপূর্ণ পরিবেশ ও মানুষের নিরাপত্তা রক্ষায় সবাইকে সচেতন এবং ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ সময় বক্তব্যে আরও বলা হয়, রাজনৈতিক মতপার্থক্য গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক অংশ। কিন্তু রাজনৈতিক পরিচয়ের আড়ালে সহিংসতা, অগ্নিসংযোগ ও জননিরাপত্তা বিঘ্নিত করার কোনো সুযোগ নেই। এসব কর্মকাণ্ডে জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, রাঙ্গুনিয়ার মানুষ শান্তি ও নিরাপত্তার পক্ষে। কোনো অপশক্তি যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। একই সঙ্গে উসকানিমূলক কর্মকাণ্ড এড়িয়ে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
মশাল মিছিলের মধ্য দিয়ে রাঙ্গুনিয়ায় সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস ও রাজনৈতিক নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদী অবস্থান জানান দেন অংশগ্রহণকারীরা। এলাকার শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা ও জননিরাপত্তা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে কর্মসূচি শেষ করেন তারা।
