যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বগুড়ায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ • দেশে ৪০ শতাংশ লোক আওয়ামী লীগ করে : রুমিন ফারহানা • শ্যামপুরে তালাবদ্ধ ঘর থেকে অটো রিকশাচালকের মরদেহ উদ্ধার • রাজশাহীতে মা আরিফুল কুরআন একাডেমির সবক প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত • চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান • চাঁপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে এস্কাফ সিরাপ ও নগদ টাকাসহ গ্রেফতার ৩ • পাইকগাছায় সরকারি সেবা প্রাপ্তি, সেবার মান উন্নয়ন জনগোষ্টির ভোগান্তি নিরসনে গণতান্ত্রিক সংলাপ • ‘তোর মেয়েরে মাইরা ফেলতেছি’—স্বামীকে ভয়েস মেসেজ পাঠিয়ে সন্তানকে হত্যা
লিঙ্ক কপি হয়েছে!

শ্যামপুরে তালাবদ্ধ ঘর থেকে অটো রিকশাচালকের মরদেহ উদ্ধার

নাহিন খান, ঢাকা : প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম

রাজধানীর শ্যামপুরের পূর্ব জুরাইন এলাকার একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে মোঃ জনি (২৯) নামে এক অটোরিকশাচালকের রক্তাক্ত ও পচনধরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরের দিকে কদমতলী থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে বিকেলের দিকে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত জনি দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ বালুরচর মীরেরবাগের মৃত জাহাঙ্গীরের সন্তান। তিনি পূর্ব জুরাইন ব্রিজসংলগ্ন মদিনা মসজিদ রোডের ১৪৯০/এ নম্বর বাড়ির (মা মঞ্জিল) পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় স্ত্রী এবং একমাত্র সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন।

বাড়ির মালিক শিখা আক্তার জানান, প্রায় কয়েকদিন আগে পারিবারিক কলহের জেরে জনির স্ত্রী রোকেয়া আক্তার সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যান। আজ বুধবার সকালের দিকে রোকেয়া বাসায় ফিরে ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগানো দেখতে পান। পরবর্তীতে জানালা দিয়ে দেখতে পান রক্তাক্ত অবস্থায় একটি মরদেহটি পড়ে আছে। পরে তিনি বাড়িওয়ালাকে বিষয়টি জানান। সন্দেহ হলে বিষয়টি কদমতলী থানা-পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজার তালা ভেঙে ঘরের মেঝে থেকে জনির রক্তাক্ত ও পচনধরা মরদেহ উদ্ধার করে।

তিনি আরো বলেন, প্রায় এক বছরের বেশি সময়ে ধরে তারা স্বামী-স্ত্রী এবং বাচ্চাসহ আমার বাসায় বসবাস করছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কদমতলী থানার উপ পরিদর্শক (এসআই) মোঃ আল-আমিন খান বলেন, “খবর পেয়ে আমরা মা মঞ্জিলের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করি। ঘটনাস্থল থেকে একটি কাঁচি (সিজার) ও মাদক (ইয়াবা) সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।”

তিনি আরও জানান, প্রাথমিক তদন্ত ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জনি মাদকাসক্ত ছিলেন। পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।