রাজশাহীতে বিজিবির অভিযান, ভারতীয় মদ ও যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ

রাজশাহীর গোদাগাড়ী ও চারঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় জেডি মদ ও যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ বিওপি দুটি এই অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, সোমবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে রাজশাহী ব্যাটালিয়নের অধীনস্থ বিদিরপুর বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী থানার মাদ্রাসার মোড় পদ্মা নদীর ঘাট এলাকায় অভিযান চালায়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে একটি বস্তা থেকে মালিকবিহীন অবস্থায় ৪১ বোতল ভারতীয় জেডি মদ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য গোদাগাড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এদিকে একই দিন রাত সোয়া একটার দিকে ইউসুফপুর বিওপির আরেকটি আভিযানিক দল চারঘাট থানার কান্দিপাড়া কলাবাগান এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে জঙ্গলের মধ্যে একটি প্লাস্টিক ব্যাগ তল্লাশি করে ৩০৪ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় জড়িত কাউকে না পাওয়া গেলেও মালামালগুলো মালিকবিহীন হিসেবে উদ্ধার করা হয়।
জব্দকৃত চোরাচালানি সামগ্রী রাজশাহীর শুল্ক অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে এবং এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
