নাটোর রাজবাড়ীতে বর্ণিল সাংস্কৃতিক সন্ধ্যা, নাচ-গানে মুখর কাব ক্যাম্পুরী

নাচ, গান আর বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে উঠেছে নাটোরের ঐতিহাসিক রানী ভবানী রাজবাড়ী প্রাঙ্গণ। শিশু কাব স্কাউটদের প্রাণবন্ত পরিবেশনা, তারুণ্যের উচ্ছ্বাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধনে সৃষ্টি হয় এক মনোমুগ্ধকর পরিবেশ।
সোমবার (২ নভেম্বর) রাতে বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের আয়োজনে ছয় দিনব্যাপী ‘৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী-২০২৬’-এর ‘উচ্ছ্বাস-৭: কৃষ্টি ও সংস্কৃতি’ শীর্ষক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে কাব স্কাউটদের নাচ, গান ও মনোজ্ঞ পরিবেশনা উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে।
‘আজকের কাব, আগামীর নেতৃত্ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং নাটোর জেলা স্কাউটসের সভাপতি মোছাঃ সুমনী আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ফুড উপকমিটির আহ্বায়ক জান্নাত আরা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসমা খাতুন এবং বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের প্রোগ্রাম চিফ ও আঞ্চলিক উপকমিশনার (প্রোগ্রাম ও আন্তর্জাতিক) কামরুল ইসলাম জয়।
এ ছাড়া নাটোর জেলা প্রশাসন ও বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্কাউট লিডাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর শুক্রবার নাটোরের ঐতিহাসিক রানী ভবানী রাজবাড়ী প্রাঙ্গণে শুরু হয় ছয় দিনব্যাপী ‘৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী-২০২৬’। ৩১ অক্টোবর শনিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এ আয়োজন।
ক্যাম্পুরীতে রাজশাহী বিভাগের আটটি জেলা ও একটি মেট্রোপলিটন এলাকার ২৬০টি ইউনিটের প্রায় ২ হাজার ২০০ জন কাব স্কাউট ও কর্মকর্তা অংশগ্রহণ করছেন।
কাব স্কাউটদের শৃঙ্খলা, নেতৃত্ব, সৃজনশীলতা, আত্মনির্ভরশীলতা ও সেবামূলক মানসিকতা বিকাশের লক্ষ্যে ১২টি ‘উচ্ছ্বাস’ ও পাঁচটি ‘উৎসব’ পর্বে সাজানো হয়েছে এ আয়োজন।
এদিকে, এত বড় আয়োজনকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
তাঁদের মতে, ক্যাম্পুরী প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হলে অংশগ্রহণকারী শিশু-কিশোর, অভিভাবক, অতিথি ও দর্শনার্থীরা আরও নির্বিঘ্নে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। বিশেষ করে শিশুদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তাঁরা।
বুধবার (৪ নভেম্বর) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ছয় দিনব্যাপী এ কাব ক্যাম্পুরীর পর্দা নামবে।
