যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি থেকে এসআরবির ডিজি হলেন ফারুক আহমেদ

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ এএম

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে পদায়ন পেয়েছেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ। এর আগে তিনি হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তাঁর বাড়ি বগুড়া কেলার নন্দীগ্রাম উপজেলার, নন্দীগ্রাম সদর ইউনিয়নের কৈডালা গ্রামে। গুরুত্বপূর্ণ এই পদে তাঁর পদায়নের খবরে নিজ এলাকায় আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এসআরবির মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে এসআরবির বিদায়ী মহাপরিচালক অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশকে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি পদে পদায়ন করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন ফারুক আহমেদ। এ ছাড়া পুলিশের আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।

ফারুক আহমেদ বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম সদর ইউনিয়নের রনবাঘা বাজার এলাকার কৈডালা গ্রামের সন্তান। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদানের মধ্য দিয়ে তাঁর কর্মজীবন শুরু হয়। দীর্ঘ কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

২০০৯ সালে তিনি ময়মনসিংহ জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তী সময়ে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পাশাপাশি পদোন্নতি লাভ করেন। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি পান।

ডিআইজি হিসেবে পদোন্নতির পর তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে পুলিশের বিশেষায়িত ইউনিট র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) হিসেবে দায়িত্ব পান।

চলতি বছরের ৪ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাঁকে ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেয়। এরপর ৭ জুলাই তিনি হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সর্বশেষ মঙ্গলবার (৩ নভেম্বর) প্রজ্ঞাপনে তাঁকে এসআরবির মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।

বগুড়ার নন্দীগ্রামের কৈডালা গ্রামের সন্তান ফারুক আহমেদের এমন গুরুত্বপূর্ণ পদে পদায়নে স্থানীয়দের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে। স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।