যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে হতাহতের খবর গুজব: গাজীপুর পুলিশ

মুক্তাদির হোসেন : প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ০১:৩০ এএম

গাজীপুরের গার্মেন্টস শ্রমিকদের চলমান আন্দোলনে পুলিশের গুলিতে শ্রমিক আহত বা নিহত হওয়ার খবরকে ‘ভিত্তিহীন ও মনগড়া গুজব’ বলে দাবি করেছে গাজীপুর জেলা পুলিশ।

সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে সাধারণ শ্রমিক ও জনগণকে কোনো ধরনের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

​প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি গাজীপুর জেলার কালিয়াকৈরসহ মৌচাক, সফিপুর, পল্লীবিদ্যুৎ ও চন্দ্রা এলাকার বিভিন্ন স্থানে গার্মেন্টস শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে আন্দোলন করে আসছেন। আন্দোলন চলাকালে সাধারণ শ্রমিকদের আড়ালে থাকা কোনো দুষ্কৃতকারী বা অশুভ চক্র যাতে কোনো প্রকার সহিংসতা, ভাঙচুর কিংবা রাষ্ট্র ও জনগণের জানমালের ক্ষতি করতে না পারে, সে লক্ষ্যে পুলিশ অত্যন্ত ধৈর্য, সংযম ও নিয়মতান্ত্রিক উপায়ে দায়িত্ব পালন করছে। আন্দোলনকারীদের সঙ্গে সরাসরি কোনো সংঘাতে লিপ্ত না হয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

​বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কতিপয় ষড়যন্ত্রকারী ব্যক্তি ও গোষ্ঠী তাদের হীন স্বার্থ চরিতার্থ করতে এবং পুলিশের বিরুদ্ধে সাধারণ শ্রমিকদের উসকে দিতে পুলিশের গুলিতে শ্রমিক বা ছাত্র আহত ও নিহত হওয়ার ভুয়া খবর ছড়াচ্ছে। বাস্তবে গাজীপুর জেলায় গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের গুলি বর্ষণ করা হয়নি এবং এর ফলে কোনো আন্দোলনকারী আহত বা নিহত হওয়ার ঘটনাও ঘটেনি।

​পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবি বাস্তবায়নে সরকার ইতিমধ্যে ‘মজুরি বোর্ড’ গঠন করেছে এবং তাদের দাবি আমলে নিয়েছে।

​এমতাবস্থায় দুষ্কৃতকারীদের প্ররোচনা ও উসকানিতে প্রলুব্ধ না হয়ে জালাও-পোড়াও এবং সহিংস ঘটনা থেকে বিরত থাকার জন্য সকল শ্রমিক ও সাধারণ জনগণকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

একই সঙ্গে নিজ নিজ কাজে মনোনিবেশ করার আহ্বান জানিয়ে জেলা পুলিশ স্পষ্ট করেছে যে, বাংলাদেশ পুলিশ সর্বদা নাগরিকদের যেকোনো আইনানুগ ও নিয়মতান্ত্রিক কার্যক্রমে পাশে থাকবে।