যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

ইমাম হাসান জুয়েল
ইমাম হাসান জুয়েল জেলা প্রতিনিধি প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পৌরসভা।

সোমবার (২ নভেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসকের উদ্যোগে গঠিত আটটি টিমের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ৮ নম্বর টিম এ অভিযান পরিচালনা করে।

৬ নম্বর ওয়ার্ডের বটতলা হাট এলাকায় জননেতা মরহুম আব্দুল মান্নান সেন্টু চেয়ারম্যানের বাড়ির আশপাশসহ রাজারামপুর এলাকার বিভিন্ন স্থানে এ কার্যক্রম চালানো হয়।

অভিযানকালে ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানো হয়। পাশাপাশি ডেঙ্গু বহনকারী এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করা হয়।

এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরে লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন ৮ নম্বর টিমের লিডার ও পৌরসভার কর নির্ধারক মো. এনামুল হক।

এ সময় পৌরসভার মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো. নওরোজ হুদা, স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্য এবং পৌরসভার কর্মচারীরা অংশ নেন।

অভিযান প্রসঙ্গে মো. এনামুল হক বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ ছিটালেই হবে না, পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। বাড়ির আশপাশে জমে থাকা পানি, পরিত্যক্ত পাত্রসহ বিভিন্ন স্থানে মশার বংশবিস্তারের সুযোগ তৈরি হয়। তাই সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষ সচেতনভাবে এগিয়ে এলে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।

সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গুর ঝুঁকি কমাতে জেলা প্রশাসনের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে নিয়মিত মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি নগরবাসীকেও নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তারা।