স্ত্রী অন্তঃসত্ত্বা, সন্তানের মুখ দেখার আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাবা

রাজধানীর যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আরিয়ান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে যাত্রাবাড়ী থানাধীন জনপদ মোড়ের মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে এখানকার দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত আরিয়ানের বেয়াই সোহাগ মিয়া জানান, আরিয়ান পেশায় একজন জুতা ব্যবসায়ী ছিলেন ফুটপাতে জুতা বিক্রি করতেন। আজ ভোর আনুমানিক ৩:৩০ মিনিটের দিকে তার ব্যবসার কাজ শেষ করে বাসায় ফিরছিলেন আরিয়ান। পথে জনপদ মোড়ে মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে একটি অজ্ঞাত দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকেন। পরবর্তীতে স্থানীয় পথচারীরা সোহাগের কাছে থাকা মোবাইল ফোন দিয়ে আমাকে ফোন দেয়। পরবর্তীতে আমি ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ভোর ৫:৪০ মিনিটের দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে এখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আরিয়ানকে মৃত বলে ঘোষণা করেন।
সোহাগ মিয়া আরো জানান, আরিয়ানের ১ বছর আগে মিম নামের এক মেয়ের সাথে বিয়ে হয়। মিম বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা। সন্তানের মুখ দেখার আগেই ও এইভাবে চলে গেল। আমরা মানতেই পারছিনা।
নিহত আরিয়ান পটুয়াখালী জেলার বাউফল থানার রামগড় গ্রামের কাদের ভূঁইয়ার ছেলে। তিনি বর্তমানে ঢাকার যাত্রাবাড়ীর নবীনগর মীর হাজিরবাগ এলাকায় বসবাস করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের মরদেহটি বর্তমানে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে (যাত্রাবাড়ী থানা) অবহিত করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।
