যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

বাউফলে স্যানিটারি ইন্সপেক্টরের কার্যালয়ের সামনেই ময়লার স্তূপ, ডেঙ্গুর ঝুঁকি

মেহেদী হাসান বাচ্চু
মেহেদী হাসান বাচ্চু জেলা প্রতিনিধি প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পিএম

পটুয়াখালীর বাউফল পৌরসভার পুরাতন হাসপাতাল এলাকায় স্যানিটারি ইন্সপেক্টরের কার্যালয়সংলগ্ন সরকারি জায়গায় ময়লা-আবর্জনার স্তূপ ও ঝোপঝাড় জমে রয়েছে। দীর্ঘদিন ধরে এমন অপরিচ্ছন্ন পরিবেশ বিরাজ করলেও কার্যকর উদ্যোগ না থাকায় স্থানীয়দের মধ্যে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে সরেজমিনে দেখা যায়, কার্যালয়সংলগ্ন জায়গাটি ময়লা-আবর্জনা ও ঝোপঝাড়ে ঢেকে আছে। কার্যালয়টি তালাবদ্ধ ছিল এবং সামনে কোনো সাইনবোর্ডও দেখা যায়নি। বারান্দায় রাখা ছিল লেপ-তোশক তৈরির মালামাল। আশপাশে বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান থাকায় এ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, স্যানিটারি ইন্সপেক্টর এম এম শাহাবুদ্দিনকে নির্ধারিত কার্যালয়ে নিয়মিত পাওয়া যায় না।

এ বিষয়ে শাহাবুদ্দিন বলেন, প্রায় পাঁচ মাস ধরে কার্যালয়ে বিদ্যুৎ-সংযোগ নেই। বন্যার সময় সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর থেকে তিনি সেখানে বসেন না। মাঠপর্যায়ে কাজ করার কারণেও অফিসে নিয়মিত বসা হয় না।

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ বলেন, কার্যালয়টি মেরামত করা প্রয়োজন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। পাশাপাশি আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা নেওয়া হবে।

জনস্বাস্থ্য সুরক্ষায় ময়লা অপসারণ, ঝোপঝাড় পরিষ্কার এবং পানি জমার স্থান নিয়মিত তদারকি জরুরি।

এলাকাবাসীর দাবি, দ্রুত সরকারি জায়গাটি পরিষ্কার করে কার্যালয়টি সংস্কার ও নিয়মিত দাপ্তরিক কার্যক্রম নিশ্চিত করা হোক।