এক পরিবারের তিন বিসিএস ক্যাডার, গর্বে উজ্জ্বল নালিতাবাড়ী

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ঢেকড়াপাড়া গ্রামের একটি পরিবার গড়েছে ঈর্ষণীয় সাফল্যের নজির। চার ভাইবোনের মধ্যে তিনজনই বিসিএস ক্যাডার হওয়ায় পরিবারটি এখন পুরো নালিতাবাড়ীসহ জেলার মানুষের গর্বের প্রতীক হয়ে উঠেছে।
এই কৃতী পরিবারের কর্তা ছিলেন মরহুম মো: সিরাজুল ইসলাম, যিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (RAB) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। মা মরিয়ম বেগম একজন গৃহিণী।
পরিবারের বড় ছেলে শেখ শাহাদাত হোসেন সজীব বেসরকারি প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোম লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত।
দ্বিতীয় সন্তান শেখ আল আমিন বাপ্পি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে ৩২তম বিসিএস (শিক্ষা) ক্যাডারে যোগদান করেন। বর্তমানে তিনি শেরপুর সরকারি কলেজে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তৃতীয় সন্তান শেখ শাহনাজ আক্তার সুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা শেষে ৪০তম বিসিএসের মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারে যোগদান করেন। বর্তমানে তিনি বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ডেপুটি চিফ একাউন্ট এন্ড ফাইনান্স অফিসার (ডিসিএএফও) হিসেবে কর্মরত।
সবচেয়ে ছোট সন্তান শেখ রাশেদা খাতুন ইতি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডারের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
একই পরিবারের তিন ভাইবোনের বিসিএস ক্যাডার হওয়ার এই অসাধারণ অর্জন নালিতাবাড়ীর জন্য এক অনন্য গৌরবের বিষয়। স্থানীয়দের মতে, তাদের এই সাফল্য এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে নতুন করে অনুপ্রাণিত করবে।
পরিশ্রম, অধ্যবসায় ও সুশিক্ষার মাধ্যমে যে স্বপ্ন পূরণ করা সম্ভব—এই পরিবার তার উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।
