যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

নাটোরে সাবেক ছাত্রলীগ নেতা সবুজ ফকির গ্রেফতার, ‘জয় বাংলা’ স্লোগান

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: ৯ জুন ২০২৬, ০৫:২৯ এএম

নাটোরের গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

​গতকাল সোমবার (৮ জুন) দুপুরে গুরুদাসপুর থানা থেকে হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় তাকে বের করে প্রিজন ভ্যানে তোলার সময় এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়।

​প্রত্যক্ষদর্শীরা জানান, থানা থেকে বের হওয়ার পরপরই সবুজ ফকির ডান হাত উঁচিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শুরু করেন। এ সময় উপস্থিত গণমাধ্যমকর্মী ও উৎসুক জনতার উদ্দেশে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

​সবুজ ফকির বলেন, ‘আমাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। পরপর পাঁচটি মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমার নামে। তবে এই মিথ্যা মামলা আমরা মানি না।’

​কারাগারে যাওয়ার মুখেও নিজের রাজনৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করে এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর স্মরণে মরণকেও ভয় করি না। আল্লাহ তৌফিক দিলে আবার ফিরে আসব। এই মিথ্যা মামলা দিয়ে আমাদের দমানো যাবে না।’

​সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সবুজ ফকিরসহ আরও কয়েকজন আসামিকে কড়া পুলিশি পাহারায় প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। ভ্যানে ওঠার পরও কয়েকজন গ্রেফতারকৃত ব্যক্তি জানালা দিয়ে হাত বের করে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন এবং নিজেদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার প্রতিবাদ জানান।

​পরে পুলিশি পাহারায় গ্রেফতারকৃতদের নাটোর জেলা আদালতে পাঠানোর উদ্দেশ্যে প্রিজন ভ্যানটি থানা প্রাঙ্গণ ত্যাগ করে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।