যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

সিংড়ায় জামতলী-বামিহাল সড়ক বেহাল : ভাঙা পথে ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো মানুষ

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: ৫ জুন ২০২৬, ০৮:০৫ পিএম

নাটোরের সিংড়া উপজেলার জামতলী বাজার থেকে বামিহাল বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ পাকা সড়কটির বিভিন্ন স্থানে ভাঙন ও বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটি এখন অনেকটা মৃত্যুফাঁদে পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

শুক্রবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিনগ্রাম বাজার জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে রাতাল বাজার হয়ে মৌগ্রাম পর্যন্ত কয়েকটি স্থানে সড়কের অবস্থা অত্যন্ত নাজুক। কোথাও কোথাও ভাঙনের কারণে যানবাহনকে ধীরগতিতে চলতে হচ্ছে, আবার কিছু স্থানে সৃষ্টি হয়েছে দুর্ঘটনার ঝুঁকি।

স্থানীয় বাসিন্দারা জানান, এ সড়কটি জামতলী, বিনগ্রাম, রাতাল, মৌগ্রাম ও বামিহালসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের প্রধান যোগাযোগ মাধ্যম। প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবীসহ হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় তাদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। বৃষ্টির পানি জমে গর্তগুলো ঢেকে যাওয়ায় ছোট যানবাহন প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ে। এতে একদিকে যেমন বাড়ছে যাতায়াত ব্যয়, অন্যদিকে সময় নষ্টের পাশাপাশি জননিরাপত্তাও হুমকির মুখে পড়ছে।

এলাকাবাসীর অভিযোগ, বারবার সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো দৃশ্যমান কোনো সংস্কার কার্যক্রম শুরু হয়নি। ফলে ক্ষোভ ও হতাশা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, সড়কটি দ্রুত সংস্কার করা না হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। তাই জনদুর্ভোগ লাঘব ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।