যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বগুড়ায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ • দেশে ৪০ শতাংশ লোক আওয়ামী লীগ করে : রুমিন ফারহানা • শ্যামপুরে তালাবদ্ধ ঘর থেকে অটো রিকশাচালকের মরদেহ উদ্ধার • রাজশাহীতে মা আরিফুল কুরআন একাডেমির সবক প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত • চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান • চাঁপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে এস্কাফ সিরাপ ও নগদ টাকাসহ গ্রেফতার ৩ • পাইকগাছায় সরকারি সেবা প্রাপ্তি, সেবার মান উন্নয়ন জনগোষ্টির ভোগান্তি নিরসনে গণতান্ত্রিক সংলাপ • ‘তোর মেয়েরে মাইরা ফেলতেছি’—স্বামীকে ভয়েস মেসেজ পাঠিয়ে সন্তানকে হত্যা
লিঙ্ক কপি হয়েছে!

‘তোর মেয়েরে মাইরা ফেলতেছি’—স্বামীকে ভয়েস মেসেজ পাঠিয়ে সন্তানকে হত্যা

নাহিন খান, ঢাকা : প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পিএম

যে মায়ের আঁচল পৃথিবীতে সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয়, সেই মায়ের হাতেই নিভে গেল চার বছরের নিষ্পাপ এক শিশুর প্রাণ।

রাজধানীর রামপুরার বনশ্রীতে স্বামী-স্ত্রীর দীর্ঘদিনের দাম্পত্য কলহের বলি হলো ছোট্ট আসফিয়া জাহান নূর। নিজের সন্তানকে শ্বাসরোধে হত্যার পর স্বামীকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠিয়ে সেই খবর জানানোর মতো লোমহর্ষক অভিযোগ উঠেছে মা মেহেরুননেসার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে বনশ্রীর বি-ব্লকের ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাসার তৃতীয় তলায় এই হৃদয়বিদারক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত শিশুটির দূর সম্পর্কের দাদি ফরিদা ইয়াসমিন ঢামেক হাসপাতালের মর্গের সামনে জানান, মঙ্গলবার বিকেলে অভিযুক্ত মেহেরুননেসা হোয়াটসঅ্যাপের ‘ভিউ ওয়ান্স’ (View Once) ফিচার ব্যবহার করে স্বামী আশরাফুল হক ইমনকে পরপর দুটি ভয়েস মেসেজ পাঠান। প্রথম বার্তায় তিনি বলেন, ‘তোর মেয়েরে মাইরা ফেলতেছি।’ এর কিছুক্ষণ পরই দ্বিতীয় বার্তায় জানান, ‘আমি তোর মাইয়ারে মাইরা ফেলাইছি।’

স্ত্রী এমন বার্তা পাঠানোর পরপরই আতঙ্কিত ইমন তাৎক্ষণিকভাবে তাদের ভাড়া বাসার বাড়িওয়ালা এমদাদুল হককে ফোন করে দ্রুত ফ্ল্যাটে গিয়ে খোঁজ নিতে অনুরোধ করেন। বাড়িওয়ালা এমদাদুল হক তৃতীয় তলার ওই ফ্ল্যাটে গিয়ে কিছু বুঝে ওঠার আগেই মেহেরুননেসা নির্বিকারভাবে তাকে বলেন, ‘আমার মেয়েকে আমি মেরে ফেলেছি, আমাকে পুলিশে ধরিয়ে দিন, যা ইচ্ছা তাই করুন।’

এমন ভয়াবহ স্বীকারোক্তি শুনে স্তম্ভিত বাড়িওয়ালা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। পরে রামপুরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশু আসফিয়ার নিথর দেহ উদ্ধার করে।

শিশুটির দূরসম্পর্কের দাদি ফরিদা ইয়াসমিন কান্নাজড়িত কণ্ঠে আরো জানান, ছয় বছর আগে পারিবারিকভাবে ইমন ও মেহেরুননেসার বিয়ে হয়েছিল। বিয়ের প্রথম বছর সুখে কাটলেও গত পাঁচ বছর ধরে তাদের সংসারে অশান্তি ও কলহ লেগেই ছিল। দুই পরিবার একাধিকবার বসে সমঝোতা করে দিলেও কিছুদিন পর আবারও অশান্তি শুরু হতো।

তিনি অভিযোগ করে জানান, মেহেরুননেসা অতিরিক্ত রাগ ও অভিমানী স্বভাবের মেয়ে ছিলেন এবং প্রায়ই ইমনকে শারীরিকভাবে নির্যাতন করতেন। বিয়ের আগে তার এই স্বভাব বুঝতে না পারার চরম মূল্য আজ ছোট্ট নাতনিকে নিজের জীবন দিয়ে শোধ করতে হলো বলে আক্ষেপ করেন তিনি।

জানা গেছে, অভিযুক্ত মেহেরুননেসার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায়; তিনি ওই এলাকার মৃত মহসীনের মেয়ে। শিশুর বাবা আশরাফুল হক ইমন একটি কাপড়ের দোকানে সামান্য বেতনে কাজ করে সংসার চালান।

ময়নাতদন্ত শেষে নিষ্পাপ শিশুটির মরদেহ দাফনের জন্য আজিমপুরে নিয়ে যাওয়া হবে বলে পরিবার জানিয়েছে।

এই ঘটনার বিষয়ে রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন বলেন, ‘৯৯৯-এ সংবাদ পেয়ে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনশ্রীর ওই বাসার তৃতীয় তলার ফ্ল্যাট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আজ (১৮ নভেম্বর) ময়নাতদন্তের কার্যক্রম চলছে।’

তিনি আরও জানান, ওই ফ্ল্যাটে স্বামী, স্ত্রী ও সন্তান বসবাস করতেন এবং স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার সময় ইমন বাসায় না থাকার সুযোগেই শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং আটক মেহেরুননেসাকে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।