সারিয়াকান্দিতে নদীভাঙন থেকে ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধন

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: বগুড়ার সারিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নে নদীভাঙনের কবলে পড়েছে ফসলি জমি। বাঙালি নদীর করাল গ্রাসে স্থায়ী ভাঙন হতে রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) চান্দিনা নোয়ারপাড়া গ্রামবাসীর আয়োজনে চান্দিনা নোয়ারপাড়া গ্রামের জেলে পাড়া নদীর তীরে দাঁড়িয়ে এ মানববন্ধন করা হয়। এতে অংশ নেন ভাঙনকবলিত, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন,আনোয়ারুল ইসলাম,সাবেক মেম্বার আশরাফ আলী, মাজেদুর রহমান সোনা, মন্তেজার রহমান, কৃষক মনি প্রামানিক,হাতেম শ্রী গোপাল প্রমুখ।
বক্তারা বলেন,আজ ফসলি জমি, কাল বসতভিটা ভেঙে গেলে আমরা কোথায় যাব? ইতোমধ্যে ভাঙনে এলাকার ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে পড়েছে শতাধিক বাড়িঘর। ভাঙনের কারণে এলাকার মানুষের পথে বসার উপক্রম হয়েছে।তাই দ্রুত নদীভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডসহ সরকারের দায়িত্বশীলদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বক্তারা।এলাকাবাসীর প্রধান দাবি সমূহ: নদীভাঙন রোধে জরুরি ভিত্তিতে টেকসই বাঁধ নির্মাণ করতে হবে। নদীর উপরে ও গ্রামের ফসলি জমির সুরক্ষা নিশ্চিত করতে হবে। নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ফসলি জমির ন্যায়সম্মত ক্ষতিপূরণ দিতে হবে। কৃষকের ফসল ও জীবিকার সুরক্ষায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। ভাঙনকবলিত এলাকায় স্থায়ী বাঁধ ও নিষ্ক্রাশন ব্যবস্থা করতে হবে।
