যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

শিবগঞ্জে লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের দায়িত্ব নিলো প্রশাসন

রায়হান আলী, শিবগঞ্জ :: প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগানে বালুর স্তূপের ওপর লুঙ্গিতে মোড়ানো অবস্থায় উদ্ধার হওয়া নবজাতকের দায়িত্ব নিয়েছে প্রশাসন।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।

তিনি জানান, উদ্ধার হওয়া নবজাতকের প্রকৃত অভিভাবকের কোনো খোঁজ পাওয়া যায়নি। তাই শিশুটির সার্বিক তত্ত্বাবধানের জন্য রাজশাহীর বেবি কেয়ার হোমে (ছোটমণি নিবাস) পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা হয়েছে।

ইউএনও বলেন, “গতকাল শিশুটি উদ্ধারের পর স্থানীয় অনেকেই তার দায়িত্ব নিতে চেয়েছেন, তাদের সাধুবাদ জানাই। তবে সরকারি রীতিনীতি মেনেই নবজাতককে রাজশাহী বেবি কেয়ার হোমে হস্তান্তর করা হচ্ছে।”

তিনি আরও জানান, কোনো নিঃসন্তান দম্পতি শিশুটিকে দত্তক নিতে চাইলে সরকারি নিয়ম মেনে বেবি কেয়ার হোম থেকেই নিতে পারবেন এবং প্রতিষ্ঠানটি শিশুটি সাবালক না হওয়া পর্যন্ত তার খোঁজখবর নেবে।

প্রসঙ্গত, মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে জালমাছমারী মিয়াপাড়া গ্রামের মৃত ইয়াসিন হাজির বাগানের বালুর স্তূপ থেকে নবজাতকের কান্নার শব্দ শুনতে পান স্থানীয় ইব্রাহিম খলিল। পরে পাশের বাড়ির গোলাপ হোসেনকে সাথে নিয়ে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় শিশুটিকে জীবিত উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।