গ্যাস লিকেজের আগুনে দগ্ধ ফিলিপাইনের নাগরিকের মৃত্যু

রাজধানীর বনানীতে রান্নাঘরের গ্যাস লিকেজ থেকে লেগে যাওয়া আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী নাগরিক কেইস্টিন ভার বুনাগ (৩২) মারা গেছেন।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাতে তাঁর মৃত্যু হয়।
আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার। তিনি জানান, রাত সাড়ে তিনটার দিকে আইসিইউতে ওই নারীর মৃত্যু হয়। তাঁর শরীরের ৬৩ শতাংশ পুড়ে গিয়েছিল।
স্বজন ও বাসা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কেইস্টিন ভার বুনাগ গত ১৫ অক্টোবর ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন। তিনি বনানীর ৭ নম্বর রোডের ৬৬ নম্বর (ব্লক-বি/১) একটি ফ্ল্যাটে অবস্থান করছিলেন।
বাসাটির ম্যানেজার মো. আল আমিন জানান, গত ২৮ অক্টোবর রাতে রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের চুলায় আগুন ধরাতে গেলে জমে থাকা গ্যাস থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। এতে গুরুতর দগ্ধ হন কেইস্টিন। উদ্ধার করে তাঁকে প্রথমে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে গত রবিবার বিকেল সাড়ে চারটার দিকে তাঁকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখান থেকে আইসিইউতে স্থানান্তর করা হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অজিতোমোতো (Ajinomoto) কোম্পানির সিইও ও জাপানি নাগরিক নাকাসিমা ফুমিয়াকি জানান, নিহত কেইস্টিন ভার তাঁর বান্ধবী ছিলেন। ১৫ অক্টোবর বাংলাদেশে এসে তাঁরা ওই বনানীর ঠিকানায় একসঙ্গেই অবস্থান করছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, নিহতের মরদেহ বর্তমানে বার্ন ইনস্টিটিউটের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
