যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

শ্রমিক আন্দোলনে আহত তৌফিকের মৃত্যু, গ্রামে শোকের মাতম

যমুনা প্রতিদিন ডেস্ক : প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ০৬:০৭ এএম

পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে পুলিশ-শ্রমিক সংঘ’র্ষে গুরুতর আহত গাইবান্ধার গোবিন্দগঞ্জের তৌফিক হোসেন (২২) মারা গেছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

নিহত তৌফিক হোসেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের তবিবর রহমান তবির ছেলে এবং ছয়ঘরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২ নভেম্বর) গাজীপুরের বাংলা বাজার এলাকায় পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আয়োজিত মিছিলে অন্য শ্রমিকদের সঙ্গে অংশ নেন তৌফিক। ওই দিন গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় তৌফিকসহ বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত তৌফিককে প্রথমে গাজীপুরে চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হলে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকালে সেখানে তাঁর মৃত্যু হয়।

তৌফিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন পিপিএম-সেবা। তিনি জানান, ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তৌফিক মারা গেছেন।

কোচাশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন মণ্ডলও তৌফিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ছয়ঘরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষও তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

তরুণ বয়সে তৌফিকের এমন মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে তৌফিকের মৃত্যুর খবর পেয়ে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মুহাম্মাদ শামীম কায়সার লিংকন এমপি তাৎক্ষণিকভাবে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। এ সময় তিনি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং স্বজনদের সঙ্গে সরাসরি দেখা করার আশ্বাস দেন।