রাজশাহীতে মাদকবিরোধী অভিযান, ২০ লাখ টাকার গাঁজাসহ গ্রেপ্তার ৩

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে গঠিত বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) অভিযানে রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল ৩০ অক্টোবর রাত ১০টা ১০ মিনিটে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন নাটোর–রাজশাহী মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মৌলভীবাজার সদর উপজেলার দরগা মহল্লা এলাকার মৃত চান মিয়ার ছেলে মো. রিফাত হোসেন (৩৬), কমলগঞ্জ উপজেলার প্রতাপী গ্রামের মোহাম্মদ আনোয়ার খানের ছেলে মো. ইব্রাহিম খান (৪০) এবং মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর এলাকার মৃত বশর মিয়ার ছেলে মো. জামাল মিয়া (২৭)।
এসআরবি সূত্রে জানা যায়, ৩০ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, নাটোর–রাজশাহী মহাসড়ক দিয়ে একটি পিকআপযোগে মাদকদ্রব্য পাচার করা হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে এসআরবির একটি আভিযানিক দল বেলপুকুর গোলচত্বর এলাকায় চেকপোস্ট স্থাপন করে।
অভিযানকালে নেভী-ব্লু ও হলুদ রঙের একটি ‘TATA ACE EX-2’ পিকআপকে থামার সংকেত দেওয়া হয়। গাড়িটি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আভিযানিক দল দক্ষতার সঙ্গে সেটির গতি রোধ করে। পরে গাড়িতে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা মাদকদ্রব্য বহনের কথা স্বীকার করেন।
পরবর্তীতে উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সামনে বিধি মোতাবেক তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৮০ হাজার টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি এবং আসামিদের নিকট থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আইনগত প্রক্রিয়া সম্পর্কে এসআরবি জানায়, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
