শাহজাদপুরে ‘রুপান্তর’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

‘সুস্বাস্থ্য সবার অধিকার, জনসেবা রূপান্তরের অঙ্গীকার’—এই প্রতিপাদ্য সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের উল্টাডাব বাজার এলাকায় একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘রূপান্তর’-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
ক্যাম্পের উদ্বোধন করেন রূপান্তরের আহ্বায়ক রাতুল বিন হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, নির্বাহী সদস্য আতিক, সেতু ও নাঈম।
এছাড়া রূপান্তরের হাবিবুল্লাহ নগর ইউনিয়নের আহ্বায়ক মোহাম্মদ আলী এবং সদস্য সচিব নাঈম হোসাইনসহ অন্যান্যরা অনুষ্ঠানে অংশ নেন।
এ্যাপোলো জেনারেল হাসপাতালের সৌজন্যে আয়োজিত এই ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ফারুক আহমেদ রানা।
দিনব্যাপী চলা এই মেডিকেল ক্যাম্পে মোট ৫৭ জন রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। পাশাপাশি, ক্যাম্পের মাধ্যমে বেশ কিছু মানুষের রক্তের গ্রুপ (ব্লাড গ্রুপিং) নির্ণয় করা হয়।
উদ্বোধনী বক্তব্যে রূপান্তরের আহ্বায়ক রাতুল বিন হোসেন বলেন, “আমরা সমাজের জন্য কিছু করতে চাই এবং এ এলাকার মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। যার যার অবস্থান অনুযায়ী এ সমাজের জন্য, এ দেশের জন্য আমাদের কিছু করা উচিত।”
সংগঠনটির এমন জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও সুধী সমাজ।
