পূজার ছুটিতে আর ফেরা হলো না আনোয়ারের

বরিশালে একটি প্রজেক্টের চাকরি পেয়েছিলেন আনোয়ার হোসেন (৩০)। পূজার ছুটি পেয়ে আনন্দ মনে ফিরছিলেন বাড়ি। কিন্তু সেই আনন্দঘন যাত্রাই শেষ পর্যন্ত রূপ নিল বিষাদে। নাটোরের বড়াইগ্রামে ঘটা এক সড়ক দুর্ঘটনায় নিভে গেল তার জীবনের প্রদীপ। আজ মঙ্গলবার ভোররাতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তিনি।
নিহত আনোয়ার হোসেন রাজশাহীর বাগমারা উপজেলার চাঁইপাড়া গ্রামের বাসিন্দা।
আনোয়ারের অকালমৃত্যুর খবরে পরিবারে এখন চলছে মাতম। মঙ্গলবার সকালে তাঁর মৃত্যুর সংবাদ পৌঁছায় গ্রামের বাড়িতে। স্বজনেরা জানান, আনোয়ারের মরদেহের অপেক্ষায় প্রহর গুনছেন সবাই। মরদেহ গ্রহণ করতে পরিবারের কয়েকজন সদস্য ইতোমধ্যেই নাটোরে অবস্থান করছেন। বাড়ির পাশের পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করার জন্য কবর খননের কাজ চলছে।
সরেজমিনে আনোয়ারের বাড়িতে গিয়ে দেখা যায়, পুরো পরিবার শোকে স্তব্ধ। আনোয়ারের স্ত্রী ফাতেমা বিবি সকালে একই উপজেলার কনোপাড়া গ্রামে নিজের বাবার বাড়িতে অবস্থান করছিলেন। সেখান থেকেই পান স্বামীর মর্মান্তিক মৃত্যুর খবর। খবর পেয়েই সকালে দুই সন্তানকে কোলে নিয়ে স্বামীর বাড়িতে ছুটে আসেন তিনি। স্বামীর আকস্মিক মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন ফাতেমা।
“আমার এক দাদাসহ কয়েকজন নাটোর গেছেন মরদেহ আনতে। মরদেহ পৌঁছালেই বিকাল ৫টায় জানাজা শেষ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।”
— মিজানুর রহমান, নিহতের ভাতিজা
নিহত আনোয়ারের ভাতিজা সাংবাদিক মিজানুর রহমান জানান, আনোয়ার আগে ঢাকায় থাকতেন এবং একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। কিছুদিন আগেই বরিশালে একটি প্রজেক্টে নতুন চাকরি পান। সেখানে যোগ দেওয়ার পর এটিই ছিল তাঁর প্রথম ছুটি।
তিনি জানান, আনোয়ার মোবাইল ফোনে পরিবারকে জানিয়েছিলেন নাটোর-রাজশাহী মহাসড়কের পুঠিয়ায় বাস থেকে নামবেন এবং সেখান থেকে বাড়ি ফিরবেন। কিন্তু সেই ফেরা আর হলো না।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, “দুর্ঘটনায় আনোয়ারের মৃত্যুর বিষয়টি জানার পর আমরা পরিবারকে অবহিত করি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের সুবিধার্থে আমাদের থানা-পুলিশ বনপাড়া হাইওয়ে পুলিশের সঙ্গে সার্বিক যোগাযোগ রক্ষা করছে।”
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আনোয়ারসহ মোট ১৪ জন নিহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কুয়াকাটা থেকে ‘আরপি পরিবহন’-এর বাসটি চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বড়াইগ্রামে উল্টো দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মারাত্মকভাবে আহত বহু যাত্রীকে নাটোর, রাজশাহীসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
