যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

সুন্দরবন থেকে পাচারের সময় ২৩০ মেট্রিক টন কয়লাসহ আটক ৯

মাসুদ রানা
মাসুদ রানা উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পিএম

সুন্দরবন থেকে অবৈধভাবে পাচারের অভিযোগে সোমবার সুন্দরবন পূর্ব বন বিভাগের ভোলা নদী থেকে ২৩০ টন কয়লা বোঝাই কার্গোসহ ৯ জনকে আটক করেছে বন বিভাগ। 

হাসান ভান্ডারী নামের ওই কার্গোটি মোংলার জয়মনি এলাকা থেকে কয়লা নিয়ে সুন্দরবন হয়ে পাথরঘাটায় যাচ্ছিল। বন বিভাগের টহলকালে অবৈধ অনুপ্রবেশের দায়ে কার্গোটিকে আটক করা হয়।

শ্রমিক কর্মচারীদের ভাষ্য অনুযায়ী কার্গো টি ভাড়া করে পাথরঘাটা আমুয়া এলাকায় যাচ্ছিল। তবে এই কয়লার ক্রয়ের কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদেরকে কয়লা সহ আটক করা হয়।

আটককৃতরা হলেন, মোঃ তরিকুল ইসলাম (৩৪), দুলাল হাওলাদার (৩৪), মোঃ সুমন তালুকদার (২১), মোঃ নূর নবী হোসেন (৪২), মোঃ এনায়েত করিম (৪০), মোঃ ওবায়দুল (২২), মোঃ মামুন (২২), মোঃ লায়েক মিয়া (৫০) ও মোঃ কবির হোসেন (৪৫)। এদের সবার বাড়ি বাগেরহাটের মোংলা, মোরেলগঞ্জ, পিরোজপুরের ভান্ডারিয়া ও ব্রাক্ষ্মনবাড়িয়া জেলায়।

এঘটনায় শরণখোলা থানায় অবৈধ অনুপ্রবেশ ও চোরা চালান আইনে পৃথক দুটি মামলা করেছে বন বিভাগ। জব্দ কয়লা ও আটককৃতদের শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সরকারি বন সংরক্ষক মোঃ শরীফুল ইসলাম।

তিনি বলেন, বন কর্মকর্তা শ্যামা প্রশাদ রায় বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছেন। জব্দ কয়লা ও আটককৃতদের শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে।

জব্দকৃত ২৩০ মেট্রিক টন কয়লার বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। ধারণা করা হচ্ছে মোংলার জয়মনি এলাকায় নোঙ্গর করা মাদার ভ্যাসেল থেকে অবৈধভাবে এই কয়লা খালাস করা হয়েছে।

তবে এ বিষয়ে নিশ্চিত কোন তথ্য দিতে পারেনি বন বিভাগ।