ছিনতাইকারীর কোপে ওসি ও এসআই আহত, পুলিশের পাল্টা গুলিতে জখম ২

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় ছিনতাইকারীদের ধরতে গিয়ে ধারালো অস্ত্রের হামলার শিকার হয়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) তরুণ।
গতকাল মঙ্গলবার (১৬ জুন) বিকেল চারটার দিকে এই ঘটনা ঘটে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশের চালানো পাল্টা গুলিতে দুই সন্দেহভাজন ছিনতাইকারী আহত হয়েছেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ দুই ছিনতাইকারী হলেন সজিব হোসেন রুবেল ওরফে ‘চোরা রুবেল’ (২৮) ও আমির ওরফে ‘কানা আমির’ (২৮)। এ ঘটনায় তাদের সহযোগী কাশেম ও মো. জয়সহ মোট চারজনকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সজিব হোসেন রুবেলের বাবার নাম আলী আকবর। তাঁর স্থায়ী ঠিকানা ঝালকাঠি জেলার রাজাপুর থানার পালট গ্রামে এবং বর্তমান ঠিকানা সাভারের আমিনবাজার। অন্যদিকে আমিরের বাবার নাম আব্দুল গাফফার। তাঁর স্থায়ী ঠিকানা গাজীপুর জেলার কাপাসিয়া থানার বাদলাবারি গ্রামে এবং বর্তমান ঠিকানা মোহাম্মদপুর এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকালে আদাবরের শেখেরটেক ৭ নম্বর সড়কের মাথায় শফিকুল ইসলাম নামের এক বিকাশ এজেন্টকে কুপিয়ে সাড়ে তিন লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায় একদল ছিনতাইকারী। আহত ওই বিকাশ এজেন্ট বর্তমানে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বিকাশ এজেন্টের ওপর হামলার পর ছিনতাইকারী চক্রটিকে শনাক্ত করে ঢাকা উদ্যানের ডেল্টা গার্মেন্টসের পেছনে অভিযানে যায় পুলিশ। এ সময় পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আদাবর থানার ওসি ও একজন এসআইয়ের হাতে চাপাতির কোপ লাগে।
মো. ফারুক আরও জানান, আহত দুই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে তাঁরা শঙ্কামুক্ত আছেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
অন্যদিকে, পুলিশের গুলিতে আহত দুই ছিনতাইকারীকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেখানে কড়া পুলিশি পাহারায় তাদের চিকিৎসা চলছে।
