সারিয়াকান্দিতে ঝড়ে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছ ভেঙে আহত-১

বগুড়ার সারিয়াকান্দিতে কালবৈশাখী ঝড়ের নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছ ভেঙে পড়েছে। এতে ২টি পরিবারের দুই ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ছালেক ফকিরের স্ত্রী চায়না বেগম (৫০)। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন চায়না বেগম। সে পৌর এলাকার আন্দরবাড়ি এলাকার বাসিন্দা। সে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে একই এলাকার জালাল ফকিরের বাড়িতে গাছ ভেঙে গোয়ালঘর ভেঙে যায়। প্রাণে রক্ষা পায় গোয়াল ঘরে থাকা গরুগুলোও। তাদের অভিযোগ গাছের মালিক ফজলু ও তার ভাইদের বারবার বলার পরেও নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছ কাটেনি। গাছগুলো কাটলে এরকম ঘটনা আজকে ঘটতো না।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে হঠাৎ আকাশে মেঘ জমে বিদ্যুৎ চমকাতে থাকে। পরে প্রবল ঝড় ও বৃষ্টি শুরু হয়। প্রায় ৫ থেকে ১০ মিনিটের ঝড়ে ফজলুর দুই জায়গার ইউক্যালিপটাস গাছ ভেঙে ছালেক ফকির ও জালাল ফকিরের বসতবাড়ির ওপর পড়ে। এতে আহত হয় ছালেক ফকিরের স্ত্রী চায়না বেগম। মাথা ফেটে যায়। তাকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাছের মালিক ফজলু বলছেন, আগে গাছ কাটার জন্য কেউ আমাকে বলেনি। আপনার মাধ্যমে জানতে পারলাম, আমি গাছগুলো কেটে নিবো।
প্রসঙ্গত, আগ্রাসী প্রজাতির ইউক্যালিপটাস এবং আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করে চলতি বছরের ১৫মে প্রজ্ঞাপন জারি করে সরকার।
