যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

হাম-রুবেলা : লক্ষ্যমাত্রার চেয়েও বেশি শিশুকে টিকা দিয়ে রাজশাহীতে শতভাগ সাফল্য

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: ১১ মে ২০২৬, ১২:৫৪ পিএম

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ব্যবস্থাপনায় মহানগরীতে পরিচালিত হাম-রুবেলা টিকাদান কার্যক্রমে শতভাগ সফলতা অর্জিত হয়েছে। স্কুল ও কমিউনিটি পর্যায়ে পরিচালিত এই কর্মসূচিতে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে।

​রাসিকের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, মহানগরীর স্কুল ও কমিউনিটি পর্যায়ে এবার টিকাদানের মোট লক্ষ্যমাত্রা ছিল ৫৪ হাজার ৮৮৬ জন শিশু। তবে অভিযান শেষে দেখা গেছে, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে মোট ৫৭ হাজার ৩৭০ জন শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হয়েছে। শতাংশের হিসেবে অর্জনের হার ১০৪ দশমিক ৫৩ শতাংশ।

​গত ২০ এপ্রিল থেকে শুরু হয়ে ১০ মে পর্যন্ত প্রথম পর্যায়ের এই কর্মসূচি পরিচালিত হয়। মহানগরীর ৪৩৮টি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম চলেছে।

​এই সাফল্যে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

এক বিবৃতিতে তিনি সরকারের স্বাস্থ্য বিভাগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ইউনিসেফ, রাসিকের স্বাস্থ্যকর্মী, ইপিআই সুপারভাইজার, শিক্ষক ও অভিভাবকদের ধন্যবাদ জানান।

​প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, “শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে এই টিকাদান অত্যন্ত জরুরি। আমাদের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে, তবে একজন শিশুও যেন টিকার আওতার বাইরে না থাকে, সে জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।”

​সিটি কর্পোরেশন সূত্র জানায়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী হাম-রুবেলা টিকাদানের সময়সীমা আগামী ২০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। বর্তমানে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ‘মপ-আপ’ কার্যক্রম চালানো হচ্ছে। এর মাধ্যমে কোনো শিশু বাদ পড়েছে কি না, তা খুঁজে বের করে দ্রুত টিকা দেওয়া হচ্ছে এবং সাথে সাথেই ‘র‌্যাপিড কনভিনিয়েন্স মনিটরিং’-এর মাধ্যমে তথ্য অনলাইনে আপলোড করা হচ্ছে।