রাজধানীতে প্রতিবন্ধী কিশোরকে বলাৎকার ও শ্বাসরোধে হত্যা

রাজধানীর ডেমরায় ১৩ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে জোরপূর্বক বলাৎকার ও পরবর্তীতে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।
নিখোঁজের চার দিন পর মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে ডেমরার মালা মার্কেট এলাকার একটি বালুর মাঠের কাশবন থেকে তার পচাগলা মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শিশুর নাম হামিদুল ইসলাম (১৩)। সে বরিশাল জেলার হিজলা উপজেলার কাজিরহাট থানার আন্দারমানিক এলাকার বাবুল মিয়ার ছেলে। দুই ভাই ও দুই বোনের মধ্যে হামিদুল সবার ছোট ছিল। তার মা দুবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে এবং বাবা গুরুতর অসুস্থ অবস্থায় দীর্ঘদিন ধরে ডেমরার মালা মার্কেট এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করে আসছিলেন। অভিযুক্ত আরিফ হোসেন ওই এলাকার একটি পুরি-সিঙ্গারার দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় হামিদুল। অনেক খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না পেয়ে পরদিন (৮ নভেম্বর) ডেমরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ৫৮১) করেন তার স্বজনেরা। পরে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, ৭ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে ডেমরার মালা মার্কেট বোতল ফ্যাক্টরির পেছনের একটি স্থানে আরিফ নামের এক যুবক হামিদুলকে ডেকে নিয়ে যাচ্ছে। এ সময় স্থানীয়রা বিষয়টি আরিফকে জিজ্ঞাসাবাদ করলে সে অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করে, যা পরিবারটির মনে গভীর সন্দেহের সৃষ্টি করে।
ঘটনার বর্ণনা দিয়ে নিহতের মামাতো ভাই হযরত জানান, মঙ্গলবার বিকেলে ডেমরা থানাধীন মালা মার্কেট বোতল ফ্যাক্টরির পেছনের বালু মাঠে শিশুরা খেলতে যায়। খেলার একপর্যায়ে একটি ফুটবল কাশফুলের ঝোপের ভেতর চলে গেলে শিশুরা সেটি আনতে গিয়ে হামিদুল ইসলামের মৃতদেহ দেখতে পায়। তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসেন। এ সময় নিহত শিশুর পরিহিত প্যান্ট খোলা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন এবং ডেমরা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
হযরত আরও জানান, জন্ম থেকেই মানসিক প্রতিবন্ধী হামিদুল ভালোভাবে কথা বলতে পারত না। সারাক্ষণ দুষ্টুমি ও চঞ্চলতার মধ্যেই কেটে যেত তার সময়। কিন্তু তাকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হবে, তা তারা কল্পনাও করতে পারেননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) শায়ক খুসরু জানান, স্থানীয়দের সহায়তায় তাৎক্ষণিকভাবে অভিযুক্ত আরিফ হোসেনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ স্বীকার করেছে যে, ৭ নভেম্বর দুপুর ১২টা থেকে ১টার মধ্যে ডেমরার মালা মার্কেট বোতল ফ্যাক্টরির পেছনের বালু মাঠে হামিদুলকে জোরপূর্বক বলাৎকার ও শ্বাসরোধে হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে কাশফুলের ঝোপের ভেতরে লুকিয়ে রেখেছিল সে।
এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
