খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে লফসের মানববন্ধন

জনস্বাস্থ্য রক্ষায় প্রক্রিয়াজাত খাদ্যের মোড়কে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্সফ্যাটের পরিমাণ উল্লেখসহ স্পষ্ট স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে রাজশাহী শহরের আলুপট্টি মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধন শেষে রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. এনামুল হকের মাধ্যমে খাদ্য প্রতিমন্ত্রী বরাবর একটি স্মারকিপত্র প্রদান করেন আয়োজকরা।
লেডিস অর্গানাইজেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার (লফস) ও সিটিজেন নেটওয়ার্কের যৌথ আয়োজনে এবং সিএলপির সহযোগিতায় ‘জনস্বাস্থ্য রক্ষায় খাদ্যের মোড়কে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্সফ্যাটের পরিমাণ জানতে স্বাস্থ্য সতর্কবাণী চাই’ শীর্ষক এ কর্মসূচিতে স্থানীয় নাগরিক সমাজ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লফসের নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন লাকী।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অ্যাডভোকেট নুসরাত মেহজাবিন, শিক্ষক মো. সেকেন্দার হোসেন, সুপর্ণা ভদ্র, লফসের প্রোগ্রাম ম্যানেজার মো. সালাউদ্দিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাদ্যে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্সফ্যাট জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। এর ফলে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি আশঙ্কাজনকভাবে বাড়ছে। রোগব্যাধি থেকে রক্ষা পেতে ভোক্তারা যেন সহজেই বুঝতে পারেন কোন পণ্যে কী পরিমাণ ক্ষতিকর উপাদান রয়েছে, সেজন্য খাদ্যের মোড়কের সামনের অংশে স্পষ্ট ও সহজবোধ্য স্বাস্থ্য সতর্কবাণী বাধ্যতামূলক করা প্রয়োজন।
তারা আরও বলেন, সাধারণ মানুষ যেন সচেতনভাবে স্বাস্থ্যকর খাদ্য বেছে নিতে পারেন, সেজন্য অবিলম্বে ‘ফ্রন্ট-অব-প্যাক লেবেলিং’ ব্যবস্থা বাস্তবায়নে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ নেওয়া উচিত।
