তিন শতাধিক ব্যবসায়ীর অংশগ্রহণে শেরপুরে আইবিডব্লিউএফের সমাবেশ

শেরপুরে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) জেলা শাখার উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
এতে জেলার পাঁচ উপজেলার তিন শতাধিক ব্যবসায়ী অংশ নেন। সমাবেশে ব্যবসায়িক অভিজ্ঞতা বিনিময়, বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং ব্যবসার প্রসার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
শুক্রবার (৬ নভেম্বর) শহরের মাধবপুর এলাকায় অবস্থিত শেরপুর উৎসব কমিউনিটি সেন্টারে এ সমাবেশ হয়।
এতে প্রধান অতিথি হিসেবে আইবিডব্লিউএফের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ট্রেজারার মো. হুমায়ুন কবীর পাটোয়ারী, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি শামসুদ্দোহা মাসুম এবং মো. ফজলে আজীম পারভেজ এবং শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম।
বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. গোলাম কিবরিয়া ডিপি।
সমাবেশে শেরপুর সদর, নালিতাবাড়ী, নকলা, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
এ সময় তাঁরা নিজ নিজ ব্যবসার অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি ব্যবসা পরিচালনায় নানা চ্যালেঞ্জ, বিদ্যমান সম্ভাবনা এবং নতুন উদ্যোগ গ্রহণের বিষয়ে মতবিনিময় করেন।
বক্তারা বলেন, ব্যবসায়িক উন্নয়ন ও সফলতার জন্য পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং সঠিক পরিকল্পনার বিকল্প নেই। সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারিত করা সম্ভব।
সমাবেশে অংশগ্রহণকারী ব্যবসায়ীরা এ আয়োজনকে নিজেদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, ব্যবসায়িক অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতে ব্যবসার পরিধি সম্প্রসারণে নতুন ধারণা অর্জনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে অভিহিত করেন।
