যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

চরমপন্থীদের দেওয়া তথ্যে ১০৩ অস্ত্র ও ১১৩৬ গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পিএম

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপরাধ দমনের ধারাবাহিকতায় সিরাজগঞ্জ ও পাবনা জেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১১৩৬ রাউন্ড তাজা গুলি এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)।

সম্প্রতি চরমপন্থীদের আত্মসমর্পণের পর প্রাপ্ত তথ্য ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।

​বুধবার (৪ নভেম্বর) এসআরবি-১২ এর অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসআরবি প্রতিষ্ঠাকালীন সময় থেকেই জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

এসআরবি-১২ জানায়, গত ১ নভেম্বর এসআরবি’র পৃষ্ঠপোষকতায় সিরাজগঞ্জ, পাবনা এবং রাজবাড়ী জেলার সর্বমোট ৬৫ জন চরমপন্থী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। ওই আত্মসমর্পণকৃত চরমপন্থীদের দেওয়া তথ্য এবং নিজস্ব গোয়েন্দা সূত্রকে কাজে লাগিয়ে সিরাজগঞ্জ ও পাবনা জেলার বেশ কয়েকটি স্থানে সাঁড়াশি অভিযান চালানো হয়।

​অভিযানকালে উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে:

  • ​দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র: ১০৩টি
  • ​তাজা গুলি: ১১৩৬ রাউন্ড
  • ​ম্যাগাজিন: ১৫টি
  • ​দেশীয় অস্ত্র: ৯৫টি
  • ​ওয়াকিটকি সেট: ০৮টি

পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, সিরাজগঞ্জ ও পাবনা জেলার সীমান্তবর্তী ও সংবেদনশীল কয়েকটি থানায় এই অভিযান পরিচালিত হয়। এর মধ্যে রয়েছে—

১. তাড়াশ থানা, সিরাজগঞ্জ

২. উল্লাপাড়া থানা, সিরাজগঞ্জ

৩. সলঙ্গা থানা, সিরাজগঞ্জ

৪. সাঁথিয়া থানা, পাবনা

৫. আতাইকুলা থানা, পাবনা

​আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের মূলোৎপাটনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১২ কর্তৃপক্ষ।