সারিয়াকান্দিতে যমুনার ঘূর্ণাবর্তে স্পার বাঁধে ধস,৩০ মিটার বিলীন

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার:বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর প্রবলস্রোত ও ঘূর্ণাবর্তের কারণে হাসনাপাড়া স্পারের ৩০ মিটার মাটির অংশ (স্যাংক) নদীতে ধসে গেছে। এছাড়াও সৌন্দর্যবর্ধনের জন্য লাগানো একটি বটগাছ মাটি ও শিকড়সহ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
বৃহস্পতিবার ভোরে সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নে হাসনাপাড়া স্পারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পানি উন্নয়ন র্বোডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সোহেল রানা সেখানে পরিদর্শনে আসেন। সেখানে তিনি বলেন, হাসনা পাড়া (২নং) স্পারের উজানে ‘রিভার সাইডে’ চর জেগে উঠায় পানির গতিপথ ‘কান্ট্রি সাইডে’ আঘাত হানছে। ৩০ মিটার অংশ ভেঙে যাওয়ায় বাঁধ ঝুঁকিতে রয়েছে। এ কারণে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে ক্ষতিগ্রস্ত অংশে ভাঙন রোধে সেখানে বালুভর্তি জিওটেক্স বস্তা ফেলা হয়েছে। এখন অনেকটা ঝুঁকিমুক্ত।
এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম জানান, ভাঙন কবলিত স্থানে ভাঙন রোধে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। খুব দ্রুত তারা ভাঙন নিয়ন্ত্রণ করবে। পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
