সারিয়াকান্দিতে রাজমিস্ত্রী রহিম ১৫ দিন ধরে নিখোঁজ

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে রহিম প্রামানিক (৬০) নামের একজন রাজমিস্ত্রী ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ বিষয়ে বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে রহিমের স্ত্রী রাশেদা বেগম (৪৪) সারিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। রহিম উপজেলার পৌর এলাকার হিন্দুকান্দি কলোনী পাড়া গ্রামের মৃত আশরাফ প্রামানিকের ছেলে।
ডায়েরি সূত্রে জানা গেছে, গত ২৫ জুন বৃহস্পতিবার সকালে রহিম প্রামানিক তার নিজ বাড়ি থেকে বের হন। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে কালো প্যান্ট ও গায়ে কাঠালি রংয়ের ফতুয়া ছিল। তার গায়ের রং ফর্সা, মাথার চুল পাকা, উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি।
রহিমের মেয়ে স্মিতি খাতুন বলেন, আমার বাবা একেবারেই সহজ সরল মানুষ। ১৫ দিন অতিবাহিত হয়ে গেলো, তারপরও বাবার কোনও খোঁজখবর পেলাম না। আমার আত্মীয় স্বজনদের সবার বাড়িতে খোঁজ নিয়েছি কিন্তু কোথাও তার খোঁজ পাইনি। তারা প্রশাসন ও সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেছেন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে থানায় রাজমিস্ত্রীর স্ত্রী একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেছেন। ডায়েরির ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা তাকে খুঁজে বের করতে তদন্ত কাজ শুরু করেছেন।
