যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত ওবায়দুল বাঁচতে চান, সাহায্যের আবেদন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০৬:৩৯ পিএম

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের দারিয়াপুর গ্রামের যুবক ওবায়দুল ইসলাম (৩০) এখন মৃত্যুশয্যায়। মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করতে করতে তিনি ও তাঁর পরিবার এখন নিঃস্ব। দীর্ঘ নয় মাস ধরে চলা এই চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে ভিটেমাটিটুকুও বিক্রির পথে। বর্তমানে টাকার অভাবে তাঁর চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নয় মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ওবায়দুলকে হাসপাতালে ভর্তি করা হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর শরীরে ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকেই শুরু হয় জীবন বাঁচানোর লড়াই।

ওবায়দুল বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে নিয়মিত কেমোথেরাপি নিতে হচ্ছে।

ওবায়দুলই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর অসুস্থতায় পুরো পরিবার এখন চরম অর্থসংকটে। পরিবারের সদস্যরা জানান, প্রতিটি কেমোথেরাপিতে প্রায় ২৫ হাজার টাকা খরচ হয়। এ পর্যন্ত চিকিৎসা বাবদ প্রায় ১০ লাখ টাকা ব্যয় হয়েছে। এই বিপুল অঙ্কের টাকা জোগাড় করতে গিয়ে পরিবারের জমিজমা, গহনা এবং ঘরের আসবাবপত্র সবকিছুই বিক্রি করতে হয়েছে। বর্তমানে তাঁদের ঘরে ঠিকমতো খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, ওবায়দুল অত্যন্ত পরিশ্রমী ও বিনয়ী মানুষ ছিলেন। আজ ভাগ্যের নির্মম পরিহাসে তিনি শয্যাশায়ী।

কান্নাজড়িত কণ্ঠে ওবায়দুল ইসলাম বলেন, “আমি বাঁচতে চাই। আমার পরিবার ও ভাইবোনদের নিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং দয়া করে আমাকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।”

সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সামান্য সহযোগিতাই পারে ওবায়দুলকে নতুন জীবন দিতে। তাঁকে সাহায্য পাঠাতে সরাসরি যোগাযোগ করা যাবে তাঁর ব্যক্তিগত বিকাশ নম্বরে: ০১৭৫১-০২৬৮৮২। ওবায়দুলের পরিবার এই কঠিন সময়ে সমাজের সকলের দোয়া ও আর্থিক সহযোগিতা কামনা করেছে।