নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তের আগুন, জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের সামনে থাকা কয়েকটি দলীয় ফেস্টুন ও ব্যানার পুড়ে গেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে যেকোনো একসময় নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দুই থেকে তিনজন অজ্ঞাত পরিচয় যুবক বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আগুন দিচ্ছেন। এতে কার্যালয়ের সামনে থাকা কয়েকটি দলীয় ফেস্টুন ও ব্যানার পুড়ে যায়।
ঘটনার পর বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নন্দীগ্রাম থানা পুলিশ।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, সারাদেশে আওয়ামী লীগ আগুন-সন্ত্রাস শুরু করেছে। মঙ্গলবার রাতে নন্দীগ্রামে আমাদের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আগুন দেওয়ার ঘটনা ঘটিয়েছে। আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
