লালবাগে আগুন নেভাতে গিয়ে দেয়াল ধসে ফায়ার সার্ভিসের ২ কর্মী আহত

রাজধানীর লালবাগের ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানার আগুন নেভাতে গিয়ে দেয়াল ধসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুই কর্মী আহত হয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ইসলামবাগ বেড়িবাঁধ নদীর পাড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত ফায়ার ফাইটাররা হলেন জয় রায় (৩২) ও আজহারুল (২৬)। দুর্ঘটনার পরপরই সহকর্মীরা তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের পরিদর্শক শাহজাহান শিকদার জানান, লালবাগ বেড়িবাঁধ এলাকার একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর কাজ শেষ হওয়ার পরপরই মালামাল গুটিয়ে আনার সময় হঠাৎ ওপর থেকে একটি দেয়াল ধসে ওই দুই ফায়ার ফাইটারের মাথার ওপর পড়ে। তাঁরা আহত হন।
তিনি আরো জানান, আমরা ডক্টরদের কাছ থেকে জানতে পেরেছি তাদের অবস্থা আশঙ্কাজনক নয়। দুজনের মধ্যে একজনের মাথায় আঘাত লেগেছে। তবে গুরতর নয়।বর্তমানে আহত দুজনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, বর্তমানে আহত দুজন ফায়ার ফাইটার জরুরী বিভাগে চিকিৎসাধীন আছেন।
