যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৪০ নৌসদস্যকে শান্তিকালীন পদক প্রদান

মাসুদ রানা
মাসুদ রানা উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পিএম

বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন ক্ষেত্রে বীরত্ব, সাহসিকতা, পেশাগত দক্ষতা, অসামান্য অবদান ও দায়িত্ব পালনে বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ নৌবাহিনীর ৪০ জন সদস্যকে শান্তিকালীন পদক প্রদান করা হয়েছে।

আজ সোমবার (২৩ নভেম্বর) নৌবাহিনী সদর দপ্তরের সাগরিকা হলে আয়োজিত এক অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম পদকপ্রাপ্ত সদস্যদের হাতে শান্তিকালীন পদক তুলে দেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অসামান্য অবদান, পেশাগত উৎকর্ষ, দায়িত্বনিষ্ঠা, শৃঙ্খলা ও সাহসিকতাপূর্ণ কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হয়।

পদকপ্রাপ্তদের মধ্যে ৩ জন নৌবাহিনী পদক (এনবিপি) ৫ জন অসামান্য সেবা পদক (ওএসপি) ৫ জন বিশিষ্ট সেবা পদক (বিএসপি)৭ জন নৌ গৌরব পদক (এনজিপি) ১০ জন নৌ উৎকর্ষ পদক (এনইউপি) ১০ জন নৌ পারদর্শিতা পদক (এনপিপি) অর্জন করেন।

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান পদকপ্রাপ্ত সদস্যদের পেশাগত নিষ্ঠা, কর্মদক্ষতা, সাহসিকতা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন। তিনি দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব ও নিরাপত্তা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং যেকোনো সংকটময় পরিস্থিতি মোকাবিলায় নৌবাহিনীর প্রতিটি সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

নৌপ্রধান আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের স্বীকৃতি নৌ সদস্যদের কর্মস্পৃহা ও মনোবল বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে আরও আন্তরিকতা ও উদ্দীপনার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগাবে।

আইএসপিআর জানায়, প্রতিবছর নৌবাহিনীর সদস্যদের অসামান্য অবদান ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ শান্তিকালীন পদক প্রদান করা হয়, যা তাদের পেশাগত উৎকর্ষতা, দায়িত্বনিষ্ঠা ও দেশসেবার ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়।

অনুষ্ঠানে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পদকপ্রাপ্ত সদস্যগণ এবং অন্যান্য আমন্ত্রিত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।