হাতিরঝিলে সন্ত্রাসী হামলায় কাতার প্রবাসী গুলিবিদ্ধ, কুপিয়ে জখম আরও ১

রাজধানীর হাতিরঝিল থানাধীন ওয়াপদা রোডের বাগিচারটেক এলাকায় চিহ্নিত সন্ত্রাসীদের অতর্কিত হামলায় এক কাতার প্রবাসীসহ দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে বাগিচারটেকের একটি গ্যারেজে এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন—বরিশালের গৌরনদী থানার পয়সা বাকাই বাজার এলাকার বারেক শেখের ছেলে সানাউল্লাহ গনি ওরফে বাবু (২৫) এবং কুমিল্লার চান্দিনা থানার কুটুমপুকুর গ্রামের বেল্লাল হোসেনের ছেলে শরিফ (২৮)। বর্তমানে তারা উভয়েই হাতিরঝিলের বাগিচারটেক এলাকায় বসবাস করেন।
আহত সানাউল্লাহ বাবু পেশায় একজন কাতার প্রবাসী, মাত্র দুই মাস আগে তিনি ছুটিতে দেশে ফিরেছেন।
আহত সানাউল্লাহর খালাতো ভাই মনির বলেন, “সোমবার দুপুর আনুমানিক দেড়টার দিকে বাগিচারটেকের একটি গ্যারেজে অবস্থান করছিলেন সানাউল্লাহ ও শরিফ। এ সময় স্থানীয় ‘টোকাই সুজন গ্রুপের’ সদস্য হাসনাইন, হাসিব ও নূরুসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জন সশস্ত্র সন্ত্রাসী তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা সানাউল্লাহর বুকের বাম পাশে ও ডান পায়ে গুলি করে এবং দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ডান হাতে কুপিয়ে গুরুতর জখম করে। একই সময়ে সন্ত্রাসীরা শরিফের ডান পায়ের হাঁটুতে কুপিয়ে রক্তাক্ত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।”
তিনি আরও বলেন, “ঘটনার পরপরই গ্যারেজের জাহিদুল নামে এক রিকশাচালক রক্তাক্ত অবস্থায় সানাউল্লাহকে উদ্ধার করে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য আমরা বিকেল ৫টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি।”
অন্যদিকে, আহত শরিফকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী সুমন বলেন, “হামলার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল থেকে শরিফকে উদ্ধার করি এবং বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এসে ভর্তি করি।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, আহত দুজনকে জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলার বিষয়টি ইতিমধ্যে হাতিরঝিল থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
