যাত্রাবাড়ীতে নিখোঁজের ২ দিন পর মিশুচালকের মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ীর মৃধাবাড়ি এলাকার একটি পুকুর থেকে মোঃ মুন্না খান (৩২) নামে এক মিশুকচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজ হওয়ার দুই দিন পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১.৩০ এর দিকে পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহটি পাওয়া যায়।
নিহত মুন্নার বাবার নাম মৃত মান্নান খান। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায় হলেও তিনি ছোটবেলা থেকেই ঢাকায় বসবাস করতেন। সর্বশেষ তিনি যাত্রাবাড়ীর মৃধাবাড়ি এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন এবং মিশুক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
নিহতের ভাগিনা মোঃ মাসুম সরকার জানান, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে প্রতিদিনের মতো মিশুক নিয়ে বাসা থেকে বের হন আমার মামা মুন্না। এরপর গভীর রাত পেরিয়ে গেলেও তিনি আর বাসায় ফেরেননি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২ টার দিকে যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। আমার মামা মুন্না খান গত দুই মাস আগে কিস্তিতে জীবিকা নির্বাহের জন্য এই মিশুকটি কিনেছিলেন। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
মাসুম সরকার আরও জানান, আজ দুপুরে কাজ থেকে বাসায় ফেরার পর আমার মামি ফোন করে জানান যে, মৃধাবাড়ি এলাকার একটি পুকুরে একটি মরদেহ ভাসতে দেখা গেছে। পরবর্তীতে আমি দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আমি আমার মামার মরদেহটি সনাক্ত করি। আমরা মামার মিশুকটিও কোথাও খুঁজে পাচ্ছিনা এবং মামার কাছে থাকা মোবাইল ফোনটি ও খুঁজে পাইনি। আমাদের ধারণা মিশুকের জন্যই হয়তো তাকে হত্যা করা হয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, “আজ দুপুর ১২টার দিকে মিশুকচালক মুন্না খান নিখোঁজ হওয়ার বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরবর্তীতে আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পাই যে মৃধাবাড়ি এলাকার একটি পুকুরে এক ব্যক্তির মরদেহ ভাসছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের গলাকাটা এবং মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ওসি রুবেল হাওলাদার বলেন, সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর আজ সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”
