পাইকগাছায় পর্যবেক্ষণ ও প্রতিবেদন প্রণয়নের বিষয়ে সিএসও-দের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ ফছিয়ার রহমান, পাইকগাছা : খুলনার পাইকগাছা উপজেলায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগণের অধিকার রক্ষার লক্ষ্যে সংঘবদ্ধকরণ, তদবির, পর্যবেক্ষণ ও প্রতিবেদন প্রণয়নের বিষয়ে সিএসও-দের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে গোপালপুর ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ে ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক (BARCIK) এনগেজ (ENGAGE) প্রকল্পের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বারসিক এনগেজ প্রকল্পের টেকনিক্যাল অফিসার সুপর্ণা মিত্রের সার্বিক তত্ত্বাবধানে প্রশিক্ষণ পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বারসিক এনগেজ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর দীপ্তি রানী মন্ডল।
প্রশিক্ষণে গদাইপুর ও রাড়ুলী ইউনিয়নের সিএসও’র সভাপ্রধান ও সদস্যবৃন্দ অংশ নেন। তাদের মধ্যে ছিলেন সরস্বতী হালদার, সুমাইয়া খাতুন, শরিফুল ইসলাম, রিয়া আক্তার, বন্দনা বিশ্বাস, শারমিন আক্তার, শ্যামল সরকার, মনারানী দাস, বিপ্লব দাসসহ অনেকেই।
প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব, পরিবেশগত অধিকার, স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ, তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণ ও প্রতিবেদন লেখার কৌশল নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে কীভাবে সংঘবদ্ধভাবে স্থানীয় প্রশাসনের সঙ্গে তদবির করে ঝুঁকিপূর্ণ মানুষের অধিকার আদায় করা যায়, সে বিষয়ে ধারণা দেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি সবচেয়ে বেশি ভোগ করছেন উপকূলের প্রান্তিক মানুষ। তাদের কণ্ঠস্বর তুলে ধরতে সিএসও-দের আরো সক্রিয় ভূমিকা রাখতে হবে। সঠিক তথ্য সংগ্রহ ও সুন্দরভাবে প্রতিবেদন তৈরি করতে পারলেই দাবি আদায় সহজ হবে।
অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজেদের এলাকার সমস্যা চিহ্নিত করে তা সমাধানের জন্য কাজ করতে আরো আত্মবিশ্বাসী হয়েছেন। আগামীতে তারা নিজ নিজ এলাকায় পরিবেশ ও মানবাধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
