যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

কুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু

শাহীন আলম লিটন
শাহীন আলম লিটন জেলা প্রতিনিধি প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম

কুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে কয়েক ঘণ্টা পর মারা গেছেন বাবাও।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ছেলে ও রাতে বাবার মৃত্যুর এ ঘটনা ঘটে।

বুধবার (১১ নভেম্বর) সকাল ৯টায় দিকে জানাজা শেষে চৌড়হাস গোরস্থানে পাশাপাশি কবরে তাদের দাফন করা হয়।

মারা যাওয়া বাবার নাম আবদুল মান্নান (৫৯) ও তার বড় ছেলে মাহফুজুর রহমান (২৭)। তারা কুষ্টিয়া শহরের চৌড়হাস ফুলতলা এলাকার বাসিন্দা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবা আবদুল মান্নান দীর্ঘ সাত থেকে আট বছর অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন। তার দুই ছেলে ও দুই মেয়ে। পরিবারে বাবার সঙ্গে একত্রেই থাকেন মাহাফুজুর। প্রায় এক বছর আগে বিয়ে করেন তিনি। মাহফুজুর শহরে কোর্ট স্টেশন এলাকায় একটি প্রিন্টিং প্রেসে কাজ করেন। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। বাবার অসুস্থতাসহ পারিবারিক বিভিন্ন বিষয়ে মাহফুজুর টেনশনে থাকতেন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে প্রেসে কাজ করার সময় মাহাফুজুরের মা ফোন করে জানান বাবা বেশি অসুস্থ হয়ে পড়েছেন। এই খবর শোনার পর হঠাৎ মাহফুজুর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে সেখানে কতর্ব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার ইকবাল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোকজনিত কারণে মারা গেছেন।

প্রত্যক্ষদর্শী প্রিন্টিং প্রেসে কর্মী শিপন ইসলাম, মাহফুজুর ভাই চেয়ারে বসা ছিলেন। হঠাৎ বাড়ি থেকে ফোন করে জানায় তার বাবা বেশি অসুস্থ হয়ে পড়েছেন। এ সময় তিনি চেয়ারে বসেই অসুস্থ হয়ে হেলে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নিলে ডাক্তার মাহাফুজুরকে মৃত ঘোষণা করেন। তখন বাজে ঠিক সাড়ে ৬টা। হাসপাতালের অনান্য কাজ শেষ করে তার মরদেহ রাত সাড়ে ৮টার দিকে বাসায় নেওয়া হয়।

মাহফুজুরের মামাতো ভাই ফিরোজ আহমেদ বলেন, খবর পেয়ে আমরা সবাই হাসপাতালে যেয়ে মাহফুজুরের মরদেহ বাসায় নিয়ে আসি। বাড়িতে নেওয়ার পর মাহফুজুরের মৃত্যুর খবর তার বাবাকে জানানো হয়। এই খবর শোনার পর তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। তার কাফন সম্পূর্ণ করার পরেই শুনি রাত ১১টার দিকে তার বাবাও মারা গেছেন।

তিনি আরও বলেন, মাহফুজুর পরিবারের আয়ের একমাত্র ব্যক্তি ছিলেন। সকাল ৯টার দিকে চৌড়হাস গোরস্থানে পাশাপাশি কবরে তাদের দাফন করা হয়েছে।