যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• সারিয়াকান্দি উপজেলা জামায়াতের কমিটি গঠন:আমীর ইকবাল হোসেন ও সেক্রেটারি আরিফুল ইসলাম • মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার • আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ উদ্বোধন • মোংলায় ২ কোটি ১১ লাখ টাকা অর্থ আত্মসাৎ ও হুমকির অভিযোগে আদালতে শরণাপন্ন ভুক্তভোগী • নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তের আগুন, জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ • নন্দীগ্রামে রাতের আঁধারে বিদ্যালয়ের মাঠের গোলবার সরানো নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে শান্ত • আওয়ামী লীগের আগুন-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল • সিংড়ায় নিরাপদ সড়ক চাইয়ের নবগঠিত কমিটির সঙ্গে এসিল্যান্ডের শুভেচ্ছা বিনিময়
লিঙ্ক কপি হয়েছে!

মোকামতলায় প্রতিবন্ধী নারীকে হত্যা, স্বর্ণালংকার লুট

শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি : প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫১ এএম

বগুড়ার মোকামতলায় সিঁধ কেটে ঘরে ঢুকে আমিজা (৫৫) নামের এক প্রতিবন্ধী নারীকে হত্যার অভিযোগ উঠেছে।

এ সময় দুর্বৃত্তরা নিহতের নাক, কান ও হাতে থাকা স্বর্ণের জিনিসপত্রও লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেন স্বজনেরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে মোকামতলার শংকরপুর মাস্টারপাড়া গ্রামের নিজ শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আমিজা ওই গ্রামের মৃত জিন্না মিয়ার স্ত্রী। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন এবং বাড়িতে একাই বসবাস করতেন। বাড়ির পাশে ছোট একটি মুদির দোকানে ব্যবসা পরিচালনা করে জীবিকা নির্বাহ করতেন তিনি।

স্থানীয় বাসিন্দা ও স্বজনেরা জানায়, সোমবার রাতে খাবার খেয়ে আমিজা নিজ শয়নকক্ষে ঘুমাতে যান। মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত তিনি দোকানে না আসায় স্বজন ও প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা বাড়িতে গিয়ে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া পাননি। একপর্যায়ে স্বজনেরা দরজা খুলে ঘরের ভেতরে প্রবেশ করেন। সেখানে খাটের ওপর কাঁথা ও বালিশ দিয়ে মুখ ঢাকা অবস্থায় আমিজার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

স্বজনদের অভিযোগ, নিহত আমিজার নাক, কান ও হাতের স্বর্ণালংকার খোয়া গেছে। তাদের ধারণা, দুর্বৃত্তরা তাকে হত্যার পর স্বর্ণালংকার নিয়ে গেছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।