শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হার্নিয়ার সফল অস্ত্রোপচার সম্পন্ন

গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে হার্নিয়া রোগে ভুগতে থাকা এক পুরুষ রোগীর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও অস্ত্রোপচার-পূর্ব প্রস্তুতি শেষে হাসপাতালে এই অস্ত্রোপচার করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. আহমেদ কবির চৌধুরীর নেতৃত্বে অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়। এতে তাঁকে সহযোগিতা করেন মেডিকেল অফিসার ও এমওডিসি ডা. মো. আল নাফিস এবং অ্যানেস্থেসিয়া প্রদান করেন জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিওলজি) ডা. বাসুদেব দাস।
অস্ত্রোপচার-পরবর্তী সময়ে রোগীর শারীরিক অবস্থা বর্তমানে সন্তোষজনক রয়েছে এবং তিনি চিকিৎসক ও সেবিকাদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, তীব্র চিকিৎসক-সংকট, সীমিত জনবল ও নানা প্রতিকূলতার মধ্যেও শ্রীপুর উপজেলার বিশাল জনগোষ্ঠীর দোরগোড়ায় অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চিকিৎসক-সেবিকারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
স্থানীয়রা মনে করছেন, উপজেলা পর্যায়ে এ ধরনের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়া এলাকার মানুষের জন্য ইতিবাচক ও আশাব্যঞ্জক। এর ফলে উন্নত চিকিৎসার জন্য দূরবর্তী হাসপাতালে যাওয়ার ভোগান্তি ও প্রয়োজনীয়তা কিছুটা হলেও কমবে।
