যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

দুই কন্যা নিয়ে বেঁচে থাকার লড়াই : নির্যাতনের অন্ধকার পেরিয়ে ন্যায়বিচারের আলোয় সাথী

নাহিন খান, ঢাকা : প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১০:০৭ এএম

সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়নের রপসা গ্রামের এক সাধারণ গৃহবধূ সাথী খাতুন। ২৯ বছর বয়সী এই নারীর চোখে আজ নতুন করে বাঁচার স্বপ্ন, কণ্ঠে অধিকার আদায়ের দৃঢ় প্রত্যয়। অথচ কদিন আগেও তার জীবন ছিল কেবলই দীর্ঘশ্বাস, অপমান আর ভয়াবহ শারীরিক নির্যাতনের এক অন্ধকার অধ্যায়।

স্বপ্নভঙ্গের শুরু ও নির্যাতনের করুণ অধ্যায়

মাত্র ২১ বছর বয়সে সংসার পাতার স্বপ্ন নিয়ে স্বামীর ঘরে পা রেখেছিলেন সাথী। কিন্তু বিয়ের পরই তার সেই রঙিন স্বপ্ন ফিকে হতে শুরু করে। তিনি জানতে পারেন, তার স্বামী নানা ধরনের নেশায় আসক্ত। শুরু হয় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের অমানুষিক শারীরিক ও মানসিক নির্যাতন। তবুও সংসার টিকিয়ে রাখার আশায় দাঁতে দাঁত চেপে সব সয়ে গেছেন সাথী।

ভেবেছিলেন, সন্তান এলে হয়তো স্বামীর মন গলবে, সংসারে শান্তি ফিরবে। কিন্তু বাস্তবতা ছিল আরও নির্মম। প্রথম কন্যাসন্তানের জন্মের পর নির্যাতনের মাত্রা বহুগুণ বেড়ে যায়। দ্বিতীয় কন্যাসন্তান পৃথিবীতে আসার পর পরিস্থিতি হয়ে ওঠে আরও ভয়াবহ। বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চলতে থাকে প্রতিনিয়ত চাপ। দরিদ্র দিনমজুর বাবার পক্ষে সেই দাবি মেটানো সম্ভব ছিল না। ফলে সাথীর কপালে জুটত কেবল মারধর, অপমান আর তালাকের হুমকি।

প্রাণনাশের চেষ্টা ও অসহায়ত্ব

নির্যাতন সইতে না পেরে একাধিকবার বাবার বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হন সাথী। স্থানীয়ভাবে সালিশ ও সমঝোতার চেষ্টাও হয়েছে, কিন্তু কোনো কিছুতেই স্থায়ী সমাধান আসেনি। তবে সবচেয়ে বিভীষিকাময় রাতটি আসে যখন তার স্বামী তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেন। সে রাতে প্রতিবেশীরা ছুটে না এলে হয়তো দুই অবুঝ শিশুকে নিয়ে পৃথিবী থেকেই বিদায় নিতে হতো সাথীকে। প্রাণে বেঁচে দুই মেয়েকে বুকে জড়িয়ে ফিরে আসেন দিনমজুর বাবার জীর্ণ কুটিরে।

এর কিছুদিন পরই সাথী ও সন্তানদের কোনো খোঁজখবর না নিয়েই দ্বিতীয় বিয়ে করেন তার স্বামী। একদিকে বাবার অভাবের সংসার, অন্যদিকে দুই কন্যার ভবিষ্যৎ সব মিলিয়ে চরম অসহায়ত্বে দিন কাটছিল সাথীর।

অন্ধকারে আশার আলো

বিচারের আশায় বুক বেঁধে থাকলেও অর্থের অভাবে আইনের আশ্রয় নেওয়ার সাহস পাচ্ছিলেন না সাথী। ঠিক এমনই এক ক্রান্তিলগ্নে, ২০২৬ সালের আগস্ট মাসে তার জীবনে আসে এক নতুন মোড়। ওই মাসে তিনি ‘এনহ্যান্সিং জেন্ডার ইকুয়ালিটি প্রজেক্ট (জিইপি)’-এর আওতায় আয়োজিত একটি কমিউনিটি মিটিংয়ে অংশ নেন।

সেখানেই তিনি প্রথম জানতে পারেন, আর্থিকভাবে অসচ্ছল নারীদের জন্য সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে। এই একটি তথ্যই সাথীর নিভে যাওয়া আশার প্রদীপকে নতুন করে জ্বালিয়ে দেয়।

ন্যায়বিচারের পথে দৃপ্ত পদচারণা

কমিউনিটি মিটিং থেকে পাওয়া তথ্যের সূত্র ধরে ‘শার্প (SHARP)’-এর কর্মীদের সহযোগিতায় তিনি প্রয়োজনীয় ফরম সংগ্রহ ও পূরণ করে সরকারি আইনি সহায়তার জন্য আবেদন করেন। জীবনের এই পর্যায়ে এসে প্রথমবারের মতো সাথী অনুভব করেন, সমাজে তার কথা শোনার এবং তার অধিকারের পক্ষে দাঁড়ানোর মতো একটি ব্যবস্থা রয়েছে। বর্তমানে তিনি নিজের এবং দুই কন্যার ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষে আইনি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছেন।

নিজের এই ঘুরে দাঁড়ানোর গল্প বলতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠে সাথী খাতুন যমুনা প্রতিদিন কে বলেন, “আমি অনেক বছর ধরে মুখ বুজে নির্যাতন সহ্য করেছি।অভাবের কারণে কোথায় গেলে সাহায্য পাব, তা জানতাম না। কমিউনিটি মিটিংয়ে অংশ নিয়ে বিনামূল্যে আইনি সহায়তার বিষয়ে জানতে পেরেছি। এখন আমার বিশ্বাস, আমি আমার অধিকার ও ন্যায়বিচার পাব।” আমি এখন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি।

সাথী খাতুনের এই সংগ্রাম কেবল একজন নারীর ঘুরে দাঁড়ানোর গল্প নয়; এটি প্রমাণ করে যে, সঠিক তথ্য, সচেতনতা এবং সময়োপযোগী সহযোগিতা পেলে সমাজের পিছিয়ে পড়া ও নির্যাতিত নারীরাও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেন। জিইপি প্রকল্প ও শার্পের সময়োচিত পদক্ষেপ সাথীকে সেই সাহস জুগিয়েছে, যা আজ রপসা গ্রামের আরও অনেক নির্যাতিত নারীর জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে উঠেছে।