ঢাকা মেডিকেলের ফুটপাত থেকে ভবঘুরে নারীর লাশ উদ্ধার

রাজধানীর শাহবাগ থানাধীন আনাস হোটেলের পাশের সড়ক থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করার তথ্য দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৮টা ২৫ মিনিটের দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপপরিদর্শক (এস আই) মনমথ হালদার জানান, ঢাকা মেডিকেল সংলগ্ন আনাস হোটেলের পাশের রাস্তায় ওই নারীকে পড়ে থাকতে দেখা যায়। এই খবরটি আমরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে জানতে পারি। পরবর্তীতে আমরা ঘটনাস্থলে গিয়ে রাত পৌনে ৮ টার দিকে তাকে দ্রুত উদ্ধার করে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে রাত সাড়ে ৮ টার দিকে মৃত বলে ঘোষণা করেন।
এখন পর্যন্ত নিহত ওই নারীর নাম পরিচয় জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরো জানান, স্থানীয় মানুষজনের কাছে জানতে পেরেছি, এই নারী ভবঘুরে প্রকৃতি ছিলেন এবং ঢাকা মেডিকেলের আশেপাশেই ঘুরে বেড়াতেন এবং এখানেই থাকতেন। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। তার হাতের বিভিন্ন অংশে পচন ধরে গিয়েছিল। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে।
