যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

মিঠামইনে আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ইয়াকুবের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

মোক্তার হোসেন গোলাপ,হাওরাঞ্চল : প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পিএম

কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার চমকপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মো. ইয়াকুব আলী খন্দকারের বিরুদ্ধে প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইলপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র বুঝিয়ে না দিয়ে শিক্ষক-কর্মচারীদের বিরুদ্ধে ষড়যন্ত্র, হয়রানি ও প্রতারণার গুরুতর অভিযোগ উঠেছে।

এ বিষয়ে মাদ্রাসার বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুর্শিদুল আলম উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, সাবেক অধ্যক্ষ মো. ইয়াকুব আলী খন্দকার গত ১৭/০৯/২০২৬ তারিখে অবসর গ্রহণ করেন। কিন্তু তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন ফাইল, প্রয়োজনীয় কাগজপত্র, বিভিন্ন দ্রব্যের বিক্রয়ের নগদ টাকা এবং ব্যাংকের হিসাব থেকে উত্তোলনের আংশিক টাকা প্রতিষ্ঠানে জমা না দিয়ে প্রতারণা করে আসছিলেন। পরবর্তীতে বর্তমান কমিটি গত ২৯/১০/২০২৬ তারিখে জনতা ব্যাংক, ঘাগড়া বাজার শাখা থেকে প্রতিষ্ঠানের যৌথ পিএফ হিসাব নম্বর (০১৭০০০৬৪৮৪৩৪৭) হতে সাবেক সভাপতি মো. কোরবানি আলীর যৌথ স্বাক্ষরে ২ লাখ এক হাজার টাকা উত্তোলন করেন, যা নিয়মবহির্ভূত, অন্যায় ও দুর্নীতির শামিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

​এ ছাড়াও অভিযোগ রয়েছে যে, তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন সঞ্চয়ী হিসাব নম্বর, চেক বই ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিজের জিম্মায় রেখে শিক্ষক-কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ২০১৯ সাল থেকে অত্র প্রতিষ্ঠানে কারিগরি শাখার দুটি কোর্স চালু হলেও এনটিআরসিএ-র সুপারিশপ্রাপ্ত ভোকেশনাল ট্রেডের জন্য দুজন শিক্ষক থাকা সত্ত্বেও পাঠদান অনুমতি ও নবায়ন স্বীকৃতি না থাকায় ছাত্র-ছাত্রী ভর্তি করা সম্ভব হচ্ছে না। ফলে উক্ত ট্রেডের জন্য সরকার প্রদত্ত প্রায় সপ্তার লাখ টাকার যন্ত্রপাতি ব্যবহার না করায় তা আজ অকেজো হওয়ার পথে। এ বিষয়ে সাবেক অধ্যক্ষ কোনো পদক্ষেপ নেননি এবং বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষকে কোনো সহযোগিতা না করে পাসওয়ার্ড আইডি (ভোকেশনাল) ও ফাইলগুলো তালাবন্ধ করে রেখেছেন। পাশাপাশি প্রতিষ্ঠানের বিভিন্ন খাত থেকে নগদ সংগৃহীত ২লাখ ৮৬ হাজার ৫ শত ৯৫ টাকাও তিনি ক্যাশে জমা দেননি বলে অভিযোগে জানানো হয়েছে।

এছাড়াও ইয়াকুব আলীর বিরুদ্ধে মাদ্রাসার অর্থ আত্মসাতের ২টি মামলা আদালতে বিচারাধীন আছে। তিনি ওলামা লীগের উপজেলা শাখার সভাপতি। মাদ্রাসার দায়িত্ব থাকাকালীন সময় ইয়াকুব আলী রাজনৈতিক মামলায় কারাগারে ছিলেন দীর্ঘ কয়েক মাস । জাবিনে ছাড়া পেয়ে তিনি মাদ্রাসার বিভিন্ন ধরনের ক্ষতির কাজে তৎপর হয়ে উঠেছে। অভিযোগ রয়েছে এই কাজে সহযোগিতা করছে মাধ্যমিক শিক্ষা অফিস।

​প্রতিষ্ঠানটির সার্বিক স্বার্থ রক্ষার্থে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এই অনিয়ম ও দুর্নীতির বিষয়ে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষক-কর্মচারী ও এলাকাবাসী।