মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) আমিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন। জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রকিব উদ্দিন জনি বাদী হয়ে মামলাটি করেন।
মামলার আসামীরা হলেন, ছাত্রদল নেতা সংগ্রাম (২৬), সামিউল হক রাফি (২৩), হৃদয় (২৪), জীবন (২৬),সম্রাট (২৪),তানভীর (২৫),কাদের (২৪),পাপন (২৪), আকাশ শাহরিয়া জয় (২৩), শিমুল (২২)।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালাতে যায় ডিবি পুলিশের একটি দল। এ সময় মাদকসেবীদের সঙ্গে পুলিশ সদস্যদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ডিবি সদস্যরা হামলার শিকার হন।
এ ঘটনায় ডিবি পুলিশের এসআই জনি, এসআই জিহাদ ও সোর্স আহত হন । পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, ডিবি পুলিশের সদস্যরা মাদক উদ্ধারে গেলে সেখানে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় মামলা হয়েছে। এজাহারের কপি হাতে পেলে বিস্তারিত জানানো সম্ভব হবে।
