যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান, ৮ জনের তিন মাসের কারাদণ্ড

হুমায়ুন কবির, রাণীশংকৈল : প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পিএম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ।

গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক আট আসামিকে ভ্রাম্যমাণ আদালত তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

সাজাপ্রাপ্তরা হলেন পীরগঞ্জ উপজেলার জগথা গ্রামের মো. মানিক (২০), মো. আলম (১৮), মো. জসিম (১৮), মো. নয়ন আলী (৩১), মো. জাহিদুল ইসলাম জাহিদ (২৮) ও মো. সমসের আলী (১৮)। এছাড়া রঘুনাথপুর গ্রামের মো. সোহেল রানা (২৩) ও মো. আকাশ (১৯) এই তালিকায় রয়েছেন।

পুলিশ সূত্র জানায়, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারা লঙ্ঘনের প্রমাণ মেলায় পীরগঞ্জ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রব্বানী সরদার ভ্রাম্যমাণ আদালত বসান। বিচার শেষে তিনি প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানার আদেশ দেন। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে অতিরিক্ত ১৫ দিন বিনাশ্রম কারাভোগ করতে হবে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সাজাপ্রাপ্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, থানা এলাকায় মাদক উদ্ধার ও পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত চলবে।