নন্দীগ্রামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আলাউদ্দিন সরকার

বগুড়ার নন্দীগ্রামে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার বুড়ইল ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামে মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। আলাউদ্দিন সরকার আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সমর্থনপ্রত্যাশী।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে আলাউদ্দিন সরকার বলেন, মসজিদটির নির্মাণকাজ সুন্দর ও নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে আশা করছি। এমন একটি মহৎ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত সবার দান, শ্রম ও সহযোগিতা মহান আল্লাহর দরবারে কবুল হোক, এই দোয়া করি।
এ সময় উপস্থিত ছিলেন বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, বিএনপি নেতা আব্দুর রহিম, মশিউর রহমান, আজাহার আলী (রাজা), মোহাম্মদ জাকারিয়া, হযরত আলী, আনিছুর রহমান এবং রফিকুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
