মিরপুরে আলোর কাফেলা সংস্থার উদ্যোগে সেলাই প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

মিরপুরে সামাজিক ও মানবিক সংগঠন ‘আলোর কাফেলা’-র আয়োজনে নারীদের আত্মকর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত সেলাই প্রশিক্ষণ কোর্সের সফল সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলের দিকে মিরপুর উপজেলার নওদাপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় হলরুমে এক উৎসবমুখর পরিবেশে এই সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু। তিনি নারীদের স্বাবলম্বী করে তুলতে এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ পথচলায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সংগঠন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্যে ডা. মুসা কবির বলেন নারীর ক্ষমতায়ন এবং আত্মনির্ভরশীলতা ছাড়া একটি সমাজ বা পরিবার কখনো পূর্ণাঙ্গভাবে এগিয়ে যেতে পারে না। আমাদের মায়েরা ও বোনেরা যখন নিজ পায়ে দাঁড়াতে পারেন, তখন শুধু একটি পরিবারই সচ্ছল হয় না, বরং পুরো সমাজ আলোকিত হয়। ‘আলোর কাফেলা’ সংস্থা সেই আলোর পথযাত্রী হওয়ার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
এসময় অন্যান্য’র মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক নুরুল মাষ্টার, প্রধান শিক্ষক রুহুল আমিন, বিএনপি নেতা এমদাদ প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সময়ে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া অত্যন্ত জরুরি। ‘আলোর কাফেলা’ সংস্থার এই সেলাই প্রশিক্ষণ নারীদের বেকারত্ব দূর করতে এবং নিজস্ব কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী নারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
এ সময় এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় মুরুব্বি ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পচিালনা করেন আলোর কাফেলার পরিচালক ইমতিয়াজ ইসলাম জীবন।
