যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• শিবগঞ্জে এসআরবির অভিযানে কফ রিলিফ, ফায়ারডিল ও বিদেশি মদ উদ্ধার • রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বকর্মসংস্থান সৃষ্টিতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ • মান্দায় মারপিট করে ধান ব্যবসায়ীর ১৫ লাখ টাকা ছিনতাই, সহায়তা না পাওয়ার অভিযোগ ৯৯৯-এ • শ্রমিক আন্দোলনের নামে যারা শ্রমিকদের স্বার্থবিরোধী কাজ করছে, তাদের কঠোর হস্তে দমন করা হবে • ঢাকা বাঁচাও থেকে সোহানী শিফা বহিষ্কার, নতুন আহ্বায়ক তানভীর আজাদ • মুরাদপুরে জনসেবায় পরিচিত মুখ সবুজ মিয়া, এবার মেম্বার পদে লড়ার আলোচনা • মদনে পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার • নড়াইলে অনলাইন প্রতারণা ও জুয়ার অভিযোগে গ্রেফতার ৪
লিঙ্ক কপি হয়েছে!

সাংবাদিক ফখরুল ইসলামকে হেনস্তার অভিযোগ, ইয়ুথ জার্নালের ক্ষোভ ও প্রতিবাদ

যমুনা প্রতিদিন ডেস্ক : প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৫ এএম

রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়া বিভাগের প্রধান ও মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এমআরএ) সভাপতি ফখরুল ইসলামের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং শারীরিকভাবে হেনস্তার অভিযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইয়ুথ জার্নাল।

বুধবার (২৮ অক্টোবর) রাতে মিরপুরের ডেল্টা মেডিকেল কলেজের সামনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ফখরুল ইসলামের অভিযোগ, ফুটপাত উচ্ছেদ অভিযানের ভিডিও ধারণের সময় দারুস সালাম থানা পুলিশের এক সদস্য তাঁর সাংবাদিক পরিচয় জানার পর মোবাইল ফোন কেড়ে নেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানানোর পরও ফোন ফেরত দেওয়া হয়নি। এ সময় তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয়। একপর্যায়ে পুলিশের গাড়ির চালক তাঁকে ধাক্কা দেন বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ইয়ুথ জার্নাল বলেছে, সাংবাদিকরা মাঠপর্যায়ে কাজ করেন জনগণের সামনে বাস্তব চিত্র তুলে ধরতে। সেই দায়িত্ব পালন করতে গিয়ে যদি তাঁদের বাধা, অপমান কিংবা হেনস্তার শিকার হতে হয়, তবে তা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের পরিবেশের জন্য উদ্বেগজনক।

সংগঠনটির মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাংবাদিক উভয়েই নিজ নিজ দায়িত্ব পালনে আইন ও পেশাগত নীতিমালা অনুসরণ করবেন, এটাই প্রত্যাশিত। সংবাদ সংগ্রহ নিয়ে কোনো আপত্তি থাকলে তা আইনসম্মত পদ্ধতিতে নিষ্পত্তি করা উচিত। একজন সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার কিংবা তাঁর ব্যবহৃত সরঞ্জাম কেড়ে নেওয়ার অভিযোগ কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই।

ইয়ুথ জার্নাল এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং ফখরুল ইসলামের মোবাইল ফোন ফেরত দেওয়ার দাবি জানিয়েছে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছে সংগঠনটি।

ইয়ুথ জার্নালের প্রত্যাশা, সাংবাদিকদের সঙ্গে দায়িত্বশীল ও সম্মানজনক আচরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।